আইপিএলে দল বেড়েছে গত আসর থেকে। সেবার কোনো দলেই সুযোগ হয়নি সাকিব আল হাসানের। সেই ধারাবাহিকতা জারি আছে এবারও। কোনো দলই বিশ্বসেরা অলরাউন্ডারকে নিয়ে আগ্রহ দেখায়নি। দল পাননি ৫০ লাখের ক্যাটাগরিতে নিবন্ধন করা লিটন দাসও।
আইপিএলের গত আসরে সাকিবকে না কেনায় বাংলাদেশের একমাত্র প্রতিনিধি ছিলেন বাঁহাতি পেসার মোস্তাফিজুর রহমান। এবার তাকে ধরে রেখেছে দিল্লি ক্যাপিটালস। সাকিবের পাশাপাশি পরিচিত নামের মধ্যে এখনো পর্যন্ত অবিক্রীত আছেন জো রুট ও রাইলি রুশো।
এবারের আইপিএলের নিলাম হচ্ছে কোচিতে। এই মিনি নিলাম শেষ হবে আজই। প্রথম দফায় অবিক্রীত থাকলেও, কোনো দল যদি চায় এখনো সাকিব ও লিটনকে দলে ভেড়াতে পারবে। তবে তা নির্ভর করছে দলগুলির চাহিদা ও জায়গা ফাঁকা থাকার ওপরে। সব দল মিলিয়ে দলগুলো কিনতে পারবে ৮৭ জন ক্রিকেটার, তার মধ্যে বিদেশি সর্বোচ্চ ৩০ জন।
প্রাথমিক তালিকায় থাকা ৪০৫ জনের মধ্যে আছে চার বাংলাদেশি ক্রিকেটারের নাম। ৫০ লাখের ক্যাটাগরিতে আছেন তাসকিন আহমেদ, লিটন দাস, আফিফ হোসেন। প্রাথমিক তালিকা থেকে চূড়ান্ত তালিকায় জায়গা হয়নি বাংলাদেশের নাসুম আহমেদ ও শরিফুল ইসলামের।
