মৌসুমের প্রথম টুর্নামেন্ট স্বাধীনতা কাপ ঘরে তোলার পর প্রিমিয়ার লিগও দারুণ ছন্দে শুরু করেছে বসুন্ধরা কিংস। আজমপুর এফসি উত্তরাকে হারিয়ে আসর শুরু করা দলটি গতকাল (শুক্রবার) হারিয়েছে ফর্টিস এফসিকে। লিগে টানা দুই জয় তুলে এখন তারা অপেক্ষায় ফেডারেশন কাপেও ভালো শুরুর।
রাজশাহীর মুক্তিযুদ্ধ স্মৃতি স্টেডিয়ামে ফর্টিস এফসিকে ২-০ গোলে হারায় শিরোপাধারী কিংস। প্রথমার্ধের যোগ করা সময়ে মিগেল ফিগেইরা গোল করে এগিয়ে দেন দলকে। দ্বিতীয়ার্ধের শুরুতেই অন্য গোলটি তারা পায় আত্মঘাতী থেকে।
নিজেদের প্রথম ম্যাচে আজমপুর এফসি উত্তরাকে ৩-০ গোলে হারিয়েছিল অস্কার ব্রুজনের দল। দুই ম্যাচে পূর্ণ ৬ পয়েন্ট নিয়ে টেবিলের শীর্ষে তারা। ফর্টিস দুই ম্যাচ খেলে জয়শূন্য। এক ড্র ও এক হারে ১ পয়েন্ট নিয়ে টেবিলের আট নম্বরে তারা। এই ফর্টিসের বিপক্ষেই আগামী মঙ্গলবার ফেড কাপে নিজেদের প্রথম ম্যাচ খেলবে কিংসরা।
এবারই প্রথম ঘরোয়া ফুটবলের মর্যাদার এই আসর অনুষ্ঠিত হচ্ছে লিগ ম্যাচের ফাঁকে ফাঁকে। ফর্টিসের বিপক্ষে কিংসের ম্যাচটি হবে মুন্সীগঞ্জে।
কিংসের টানা দ্বিতীয় জয়ের দিনে চলতি লিগে প্রথম জয়ের স্বাদ পেয়েছে শেখ রাসেল ক্রীড়াচক্র ও শেখ জামাল ধানমন্ডি ক্লাব লিমিটেড। নিজেদের প্রথম ম্যাচে রহমতগঞ্জের সঙ্গে ২-২ ড্র করা শেখ জামাল ৩-২ গোলে হারিয়েছে মুক্তিযোদ্ধা সংসদকে। গোপালগঞ্জের শেখ ফজলুল হক মনি স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচে জয়ী দলের পক্ষে জোড়া গোল করেছেন কর্নেলিউস স্টুয়ার্ট। একটি গোল কৌশিক বড়ুয়ার। মুক্তিযোদ্ধার পক্ষে গোল দুটি করেন নাইজেরিয়ান ডিফেন্ডার নাজিম জুনিয়র ও জাপানি মিডফিল্ডার সোমা ওতানি। দুই ম্যাচে ৪ পয়েন্ট নিয়ে টেবিলের দ্বিতীয় স্থানে আছে শেখ জামাল ধানমন্ডি ক্লাব। দশম স্থানে থাকা মুক্তিযোদ্ধার পয়েন্ট শূন্য।
অন্যদিকে মুন্সীগঞ্জের বীরশ্রেষ্ঠ মতিউর রহমান স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচে চট্টগ্রাম আবাহনীকে ৪-২ গোলে হারায় শেখ রাসেল ক্রীড়াচক্র। দলটির পক্ষে জোড়া গোল করেন চার্লস দিদিয়ের। একটি করে গোল করেন ইয়াসিন খান ও এমফন উদোহ। চট্টগ্রাম আবাহনীর পক্ষে গোল দুটি করেস ইয়াকুবা বাম্বা ও নাসির উদ্দিন চৌধুরী। নিজেদের প্রথম ম্যাচে বাংলাদেশ পুলিশের কাছে ২-১ গোলে হেরেছিল শেখ রাসেল। দুই ম্যাচে তিন পয়েন্ট নিয়ে টেবিলের চতুর্থ স্থানে তারা। চট্টগ্রাম আবাহনীর এটিই ছিল প্রথম ম্যাচ। নবম স্থানে আছে দলটি।
প্রথম ম্যাচে ফর্টিসের কাছে পয়েন্ট হারানো আবাহনী লিমিটেড আজ খেলবে রহমতগঞ্জের বিপক্ষে।
