শিল্পমন্ত্রী নূরুল মজিদ মাহমুদ হুমায়ূন বলেছেন, মেধার যে উন্নয়ন ঘটেছে তা কেবল মাত্র আওয়ামী লীগ সরকার দ্বারাই সম্ভব হয়েছে। দেশের মেধা যাতে পাচার না হয়ে যায় সেজন্য আমাদের সরকার বিভিন্ন গবেষণা ক্ষেত্রে আর্থিক সহায়তাসহ বিভিন্নভাবে উৎসাহ দিয়ে আসছে। জননেত্রী শেখ হাসিনা সরকার যে উন্নয়ন কর্মকা- করেছেন বাংলাদেশকে পৃথিবীর যে কোনো উন্নত দেশের সঙ্গে তুলনা করা যায়।
গতকাল শুক্রবার বিকেলে নরসিংদীর শিবপুরে চৈতন্য বহুমুখী উচ্চ বিদ্যালয়ের সুবর্ণজয়ন্তী উৎসব উদযাপন উপলক্ষে আয়োজিত পুনর্মিলনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
মন্ত্রী বলেন, ‘এক সময় আমরা ডিজিটাল বাংলাদেশের স্বপ্ন দেখতাম। প্রধানমন্ত্রীর নেতৃত্বে এখন তা বাস্তবে পরিণত হয়েছে। মানুষ ঘরে বসেই সব ডিজিটাল সেবা ভোগ করতে পারছে। সরকারের সব দপ্তরকেও ডিজিটালাইজেশন করা হয়েছে। শিক্ষা ও প্রযুক্তি খাতে বাংলাদেশ এখন অনেক এগিয়ে গেছে। এখন আমরা বাংলাদেশকে স্মার্ট বাংলাদেশ হিসেবে ঘোষণা দিয়েছি।’
সরকার শিক্ষা, স্বাস্থ্য, কৃষি খাত থেকে শুরু করে প্রতিটি খাতেই ব্যাপক কাজ করেছে জানিয়ে মন্ত্রী বলেন, আমরা কৃষিনির্ভর দেশ। সরকার সারের ভর্তুকি থেকে শুরু করে বিভিন্ন প্রযুক্তিগত সহযোগিতার মাধ্যমে কৃষকদের সহযোগিতা করছে।
