যুক্তরাজ্যের রাজা তৃতীয় চার্লস অবশেষে তার ভাই যুবরাজ অ্যান্ড্রুকে বাকিংহাম প্যালেস থেকে চিরতরে বের করে ছাড়লেন। রাজপ্রাসাদের অভ্যন্তরীণ সূত্রের বরাত দিয়ে ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য সান শুক্রবার (২৩ ডিসেম্বর) তাদের এক প্রতিবেদনে এ খবর দিয়েছে।
নাবালিকার সঙ্গে যৌন সম্পর্ক ও ধর্ষণ মামলায় অভিযুক্ত ৬২ বছর বয়সী প্রিন্স অ্যান্ড্রু এ বছরের জানুয়ারিতে তার রাজকীয় খেতাব হারান। মানবপাচারে অভিযুক্ত জেফ্রি এপস্টিন ও গিলেইন ম্যাক্সওয়েল দম্পতির সঙ্গে সম্পর্কের জেরে বছর তিনেক আগে ব্রিটিশ রাজপরিবার থেকে ইস্তফা নেন অ্যান্ড্রু।
প্রাসাদ সূত্র দ্য সানকে জানায়, এখন থেকে রাজপ্রাসাদে প্রিন্স অ্যান্ড্রুর জন্য কোনো কক্ষ বা কার্যালয় বরাদ্দ থাকবে না।
বলা হয়ে থাকে, প্রয়াত রানী এলিজাবেথ তার ছেলে অ্যান্ড্রুকে প্রাসাদ ব্যবহারের অলিখিত অনুমোদন দিয়ে রেখেছিলেন। ২০২০ সালে রাজপরিবার থেকে ইস্তফা নেওয়ার পরও সীমিত পরিসরে কর্মীদের নিয়ে প্রাসাদে নিজের অবস্থান ধরে রেখেছিলেন প্রিন্স অ্যান্ড্রু।
কিন্তু ভাইয়ের শাসনামলে অ্যান্ড্রু আর বাকিংহাম প্যালেসকে নিজের ঠিকানা হিসেবে ব্যবহার করতে পারবেন না।
প্রাসাদের সূত্র দ্য সানকে বলেছেন, ‘প্রাসাদে তার সব ধরনের উপস্থিতি আনুষ্ঠানিকভাবে নিষিদ্ধ করা হয়েছে। রাজা এটি পরিষ্কার করেছেন। তিনি (অ্যান্ড্রু) রাজকীয় কার্যদায়িত্বে নেই। এখন তিনি নিজের জিম্মায়।’
যুক্তরাষ্ট্রে এক যৌন নিপীড়ন ও ধর্ষণ মামলায় বিচারের সম্মুখীন হওয়ায় এমন বিরূপ অবস্থায় পড়েছেন অ্যান্ড্রু। তবে প্রিন্স অ্যান্ড্রু তার বিরুদ্ধে আনা অভিযোগ বরাবরই অস্বীকার করে আসছেন।
রানি দ্বিতীয় এলিজাবেথ গত ৮ সেপ্টেম্বর মারা যাওয়ার পর তার ছেলে তৃতীয় চার্লস যুক্তরাজ্যের রাজা হিসেবে দায়িত্ব নেন। রানির স্বামী প্রিন্স ফিলিপ গত বছর ৯৯ বছর বয়সে মারা যান। রানী দ্বিতীয় এলিজাবেথ ও প্রিন্স ফিলিপের চার সন্তান- তৃতীয় চার্লস, প্রিন্সেস অ্যানি, প্রিন্স অ্যান্ড্রু ও প্রিন্স এডওয়ার্ড।
মায়ের শেষকৃত্যের আয়োজনেও সামরিক ও রাজকীয় পোশাক পরার অনুমতি পাননি অ্যান্ড্রু। রানি দ্বিতীয় এলিজাবেথের মৃত্যুর পরপরই রাজা চার্লস তার ভাই অ্যান্ড্রুকে জানিয়ে দেন, কখনোই তিনি আর রাজপরিবারে ফিরতে পারবেন না। সর্বশেষ গত মাসে রাজা তার ভাইয়ের নিরাপত্তা ব্যবস্থাও তুলে নেন বলে জানা যায়।
অন্যদিকে, রাজপরিবাররে সদস্যদের পদবি-দায়িত্ব পুনর্বণ্টন করেছেন রাজা তৃতীয় চার্লস। যুবরাজ উইলিয়াম, তার স্ত্রী কেট মিডলটন এবং চার্লসের স্ত্রী ও কুইন কনসোর্ট ক্যামিলার জন্য নতুন পদবী নির্ধারণ করে দেয়া হয়েছে। ব্রিটিশ রাজপ্রাসাদ বাকিংহাম প্যালেস এই বিষয়ে চূড়ান্ত ঘোষণা দিয়েছে।
ব্রিটিশ সেনাবাহিনীর ঐতিহ্যবাহী ওয়েলস গার্ডস রেজিমেন্টের কর্নেল হিসেবে নিযুক্ত হয়েছেন যুবরাজ ও প্রিন্স অব ওয়েলস উইলিয়াম। এর আগে রাজা চার্লস নিজে ৪৭ বছর ধরে এই পদে অধিষ্ঠিত ছিলেন।
উইলিয়ামের স্ত্রী কেট মিডলটনকেও দেয়া হয়েছে নতুন দায়িত্ব। রাজা চার্লস কেট মিডলটনকে আইরিশ গার্ডসের কর্নেল হিসেবে দায়িত্ব দিয়েছেন। চার্লস বিগত কয়েক দশক ধরে এই পদে দায়িত্ব পালন করেছেন।
নতুন দায়িত্ব পেয়েছেন কুইন কনসোর্ট এবং রাজা তৃতীয় চার্লসের স্ত্রী ক্যামিলা। তাকে গ্রেনেডিয়ার গার্ডসের কর্নেলের দায়িত্ব দেয়া হয়েছে। এর আগে এই পদটিতে দায়িত্ব পালন করেছেন প্রিন্স অ্যান্ড্রু। বিতর্কিত শিশু নিপীড়নকারী জেফরি এপস্টেইনের সঙ্গে সখ্যতা থাকার অভিযোগে অ্যান্ড্রুর কাছ থেকে পদটি ছিনিয়ে নেয়া হয়।
বাকিংহাম প্যালেস জানিয়েছে, এই পদগুলোর বাইরে আর কোনো পরিবর্তন সাধিত হবে না। রাজপরিবারে অন্যান্য সদস্যরা তাদের জন্য নির্ধারিত আগের পদেই দায়িত্ব পালন করে যাবেন।
