দেশের উত্তরের কয়েক জেলায় ইতিমধ্যে তাপমাত্রার পারদ নেমেছে ১০ ডিগ্রি সেলসিয়াসের নিচে। পৌষের শুরুর এ তাপমাত্রা মাসের মাঝামাঝি গিয়ে নামতে পারে আরও নিচে। আবহাওয়াবিদরা বলছেন, আগামী তিন দিনের মধ্যে দেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চলে বৃষ্টি হওয়া সম্ভাবনা আছে। আর তা হলে পৌষের মাঝামাঝি শীতের তীব্রতা বাড়তে পারে আরও। সেক্ষেত্রে আবহাওয়া অধিদপ্তর ডিসেম্বর মাসের দীর্ঘ মেয়াদি পূর্বাভাস অনুযায়ী দ্বিতীয় দফার শৈত্যপ্রবাহ পূর্বাভাসের চাইতেও তীব্র হতে পারে।
যদিও গতকাল শনিবার সন্ধ্যায় আবহওয়া অধিদপ্তর পরবর্তী ২৪ ঘণ্টার পূর্বাভাসে বলেছে, দক্ষিণ-পশ্চিম বঙ্গোপসাগর ও এর কাছাকাছি এলাকায় অবস্থানরত নিম্নচাপটি আরও পশ্চিম-দক্ষিণ-পশ্চিম দিকে অগ্রসর হতে পারে। এর ফলে উত্তর-পশ্চিমাঞ্চলে বয়ে যাওয়া মৃদু ও মাঝারি ধরনের শৈত্যপ্রবাহ কিছুটা প্রশমিত হতে পারে। গতকাল পূর্বাভাসে বলা হয়েছে, অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ সারা দেশের আবহাওয়া শুষ্ক থাকতে পারে। মধ্যরাত থেকে সকাল পর্যন্ত নদী অববাহিকায় ও দেশের উত্তরাঞ্চলে মাঝারি থেকে ঘন কুয়াশা এবং দেশের অন্যত্র হালকা থেকে মাঝারি ধরনের কুয়াশা পড়তে পারে। সারা দেশে রাত এবং দিনের তাপমাত্রা সামান্য কমতে পারে।
গতকাল দেশের সর্বনিম্ন তাপমাত্রা নওগাঁর বদলগাছীতে ৮ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে। এ ছাড়াও রাজশাহী ১০ দশমিক ৫, ঈশ্বরদীতে ১০ দশমিক ৭, চুয়াডাঙ্গায় ১০ দশমিক ৮ ও রাজারহাটে ১১ দশমিক ০ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছে। তাপমাত্রা কম থাকায় এসব এলাকায় শীতের তীব্রতা বাড়ছে।
এদিকে পরবর্তী তিন দিনে আবহাওয়ার অবস্থায় বলা হয়েছে, এ সময়ের শেষের দিকে তাপমাত্রা বাড়তে পারে। ফলে উত্তর-পশ্চিমাঞ্চলের শীতের তীব্রতা কিছুটা কমতে পারে। ৭২ ঘণ্টার পূর্বাভাসে অবশ্য নিম্নচাপের প্রভাবে দেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চলে বৃষ্টির সম্ভাবনার কথা বলা হয়েছে। আর বৃষ্টি হলে শীত ভালোভাবেই জেঁকে বসবে দেশের বিভিন্ন এলাকায়।
আবহাওয়াবিদ ওমর ফারুক দেশ রূপান্তরকে বলেন, দক্ষিণ-পশ্চিম বঙ্গোপসাগর ও এর কাছাকাছি এলাকায় অবস্থানরত নিম্নচাপটি আরও পশ্চিম-দক্ষিণ-পশ্চিম দিকে অগ্রসর হতে পারে। এর ফলে উত্তর-পশ্চিমাঞ্চলে বয়ে যাওয়া মৃদু ও মাঝারি ধরনের শৈত্যপ্রবাহ কিছুটা প্রশমিত হতে পারে। তবে তিন দিনের মধ্যে বিভিন্ন এলাকায় বৃষ্টি ও বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা আছে। সেটি হলে শীতের তীব্রতা বাড়বে।
