দেশি-বিদেশি বিভিন্ন ধরনের প্রায় শ’খানেক ছবি নিয়ে রাজধানীতে শুরু হয়েছে স্বনামধন্য ওয়াইল্ডলাইফ ফটোগ্রাফার ডা. আব্দুস সামাদ আলিমের (ইমু) একক আলোকচিত্র প্রদর্শনী ‘দ্য উইংস অব ভাইব্র্যান্স’। যেখানে স্থান পেয়েছে অসাধারণ সব পাখির ছবি। গতকাল শনিবার রাজধানীর গুলশান-২ এর বে’স এজ ওয়াটারের এজ গ্যালারিতে দু’দিনব্যাপী এই একক ফটোগ্রাফি প্রদর্শনী শুরু হয়েছে। যা বেলা ১১টা থেকে রাত ৮টা পর্যন্ত চলবে। দর্শনার্থীরা বিনামূল্যে এই পাখির ছবিগুলো দেখতে পারবেন। পাখি সম্পর্কে জানতে পারবেন।
নিজের প্রদর্শনী সম্পর্কে আব্দুস সামাদ আলিম বলেন, “আমার ‘দ্য উইংস অব ভাইব্র্যান্স’ শিরোনামে এই একক ফটোগ্রাফি প্রদর্শনীর আয়োজন করা হয়েছে। সেখানে বিভিন্ন ধরনের পাখির ছবি দর্শনার্থীরা দেখতে পারবেন। দেশে-বিদেশে তোলা বিভিন্ন পাখির ছবি এই প্রদর্শনীতে শোভা পাবে। সবাইকে প্রদর্শনীতে আসার জন্য আমন্ত্রণ জানাচ্ছি।”
তিনি আরও বলেন, ‘একটি ছবি অনেক কিছুর কথা বলে। কখনো কখনো সমাজ বদলের হাতিয়ার হয়ে ওঠে এই ফটোগ্রাফি বা আলোকচিত্র। আবার আলোকচিত্রে আমরা খুঁজে পাই প্রকৃতির অপার সৌন্দর্য, বর্তমান ও হারিয়ে যাওয়া অতীত ঐতিহ্য কিংবা হারানো বা বিলুপ্ত অনেক পাখি। এই প্রদর্শনীতে থাকছে অনেক কিছুই।’
