নিষিদ্ধ ঘোষিত সংগঠন হিযবুত তাহরীরের শীর্ষ নেতা মিডিয়া সচিব (সাধারণ সম্পাদক) হাফেজ মাওলানা মামুনুর রশিদ ওরফে মামুনকে (৫৩) গ্রেপ্তার করেছে র্যাব। গত শুক্রবার রাতে র্যাব-২-এর একটি দল নারায়ণগঞ্জ জেলার ফতুল্লা থেকে তাকে গ্রেপ্তার করে।
র্যাব-২-এর সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া) সিনিয়র এএসপি মো. ফজলুল হক জানান, গত ৬ মার্চ নারায়ণগঞ্জের ফতুল্লা থানাধীন সাইনবোর্ডের হকার্স মার্কেট এলাকায় নিষিদ্ধ ঘোষিত সংগঠন হিযবুত তাহরীরের মিডিয়া সচিব ও শীর্ষ পর্যায়ের নেতা মামুনুর রশিদ মামুন গোপন বৈঠকে মিলিত হন। র্যাব-১১-এর একটি দল ঘটনাস্থলে অভিযান পরিচালনা করে কয়েকজন জঙ্গি সদস্যকে গ্রেপ্তার করতে সক্ষম হলেও কৌশলে পালিয়ে যান মামুন। ওই ঘটনায় ফতুল্লা মডেল থানায় একটি মামলা হয়। মামলার এজাহারনামীয় ও অভিযোগপত্রে পলাতক আসামি মামুনুর রশিদ মামুনকে গ্রেপ্তারের লক্ষ্যে র্যাব-২ নজরদারি ও অভিযান অব্যাহত রাখে। গোপন সংবাদের ভিত্তিতে র্যাব-২-এর জঙ্গি প্রতিরোধ সেলের একটি বিশেষ দল শুক্রবার রাত সোয়া ৩টার দিকে ফতুল্লা এলাকায় অভিযান পরিচালনা করে তাকে গ্রেপ্তার করে।
