দীর্ঘ ৩৬ বছরের অপেক্ষার ইতি টেনে কাতার বিশ্বকাপে শিরোপা ঘরে তুলেছে আর্জেন্টিনা। ফাইনালে তারা ফ্রান্সকে হারায় টাইব্রেকারে। ট্রফি নিয়ে লিওনেল মেসিরা দেশেও ফিরে গেছেন। পুরো বিশ্বেই ছড়িয়ে থাকা আর্জেন্টিনাইন ভক্তরা মেতে আছেন বিশ্বকাপ জয়ের আনন্দে।
তবে ফাইনালে আর্জেন্টিনার জয় এখনও মেনে নিতে পারছে না ফ্রান্স। মাঠের লড়াই শেষ হয়ে গেলেও ডিজিটাল দুনিয়ায় দুই পক্ষের সমর্থকেরা জিইয়ে রেখেছে ‘শত্রুতা’। যা বেশ জমেও উঠেছে বলা যায়।
অনলাইন প্ল্যাটফর্মে গণ-পিটিশন জমা দিয়েছে ফ্রান্সের সমর্থকেরা। সেখানে তারা ফাইনাল ম্যাচের পোলিশ রেফারি সিমন মার্চিনিয়াকের ভূমিকা নিয়ে একাধিক প্রশ্ন তুলছেন। তাদের গণ-পিটিশনে ইতিমধ্যেই সই করেছেন ২ লাখ ফ্রান্স সমর্থক।
দাবি মানতে হবে বলেই অনলাইন প্ল্যাটফর্মে আওয়াজ তুলছেন তারা। ডিজিটাল প্ল্যাটফর্ম মেসওপিনিয়নে পুনরায় ফাইনাল ম্যাচ আয়োজন করার অবাক দাবি তাদের।
এ দিকে ফরাসিদের খোঁচা দিয়ে পাল্টা পিটিশনে সই করা শুরু করেছে আর্জেন্টাইনরাও। ফরাসিদের গণ পিটিশনের জবাব দিয়ে আর্জেন্টাইনরা বলছেন, ‘এ বার কান্না বন্ধ করো ফ্রান্স।’
ফ্রান্সের রি-ম্যাচের পিটিশনের বিরুদ্ধে আর্জেন্টাইনরা একটি পিটিশনে সই করা শুরু করেছে। ইতিমধ্যেই যাতে সই করে ফেলেছেন তিন লক্ষ মানুষ। সংখ্যাটা স্বাভাবিক ভাবেই আরও বাড়বে।
ভ্যালেন্টাইন গোমেজ নামক একটি টুইটার অ্যাকাউন্ট থেকে টুইট করা হয়েছে, ‘আর্জেন্টিনা বিশ্বকাপ জেতার পর থেকেই কান্না থামছে না ফ্রান্সের। এ বার কান্না বন্ধ করো তোমরা। অভিযোগ না করে মেনে নাও এমবাপ্পে নয়, মেসিই সর্বকালের সেরা।’
