ঢাকার সাভারে এক পোশাক শ্রমিককে একটি নির্জন খামারে আটকে দলবদ্ধ ধর্ষণের অভিযোগে ৪ জনকে গ্রেপ্তার করা হয়েছে।
এ ঘটনায় অভিযুক্ত আরও দুইজন পলাতক রয়েছে।
রবিবার দুপুরে গ্রেপ্তারদের ৭ দিনের রিমান্ড চেয়ে আদালতে পাঠানো হয়েছে বলে নিশ্চিত করেছেন সাভার মডেল থানার পরিদর্শক (ইন্টেলিজেন্স) আব্দুল বিশ্বাস।
এর আগে শনিবার বিকেলে র্যাব-৪ এর সদস্যরা ওই চারজনকে সাভার মডেল থানায় হস্তান্তর করেন।
গ্রেপ্তাররা হলেন- সাভারের কলমা এলাকার হারুন অর রশিদের ছেলে সাজ্জাদ হোসেন (২৩), একই এলাকার খলিল শেখের ছেলে রাজু আহমেদ (২২), আব্দুল লতিফ গাজীর ছেলে রনি গাজী (১৮) ও শাহীন মিয়ার ছেলে আব্দুল্লাহ (১৮)।
এ ঘটনায় জড়িত আরও দুইজন পলাতক রয়েছেন। অন্যদিকে ভুক্তভোগী ওই নারী সাভারে ভাড়া বাসায় থেকে স্থানীয় একটি তৈরি পোশাক কারখানায় কাজ করতেন বলে জানিয়েছে পুলিশ।
থানা-পুলিশ ও মামলার এজাহার সূত্রে জানা যায়, ভুক্তভোগী ওই পোশাক শ্রমিক তিন বন্ধুর সঙ্গে গত ২৩ ডিসেম্বর রাতে একটি জন্মদিনের দাওয়াতে যাচ্ছিলেন। একপর্যায়ে তারা কলমা পশ্চিমপাড়া এলাকার জহিরুলের মুরগির খামারের সামনে পৌঁছালে ৬ জন তাদের গতিরোধ করে।
এ সময় ওই নারী শ্রমিকের সঙ্গে থাকা তিন বন্ধুকে মারধর করে তাড়িয়ে দেয় এবং নারী শ্রমিককে খামারের ভেতরে আটকে রেখে দলবদ্ধভাবে ধর্ষণ করে। পরবর্তীতে বিষয়টি কাউকে জানালে তাকে প্রাণনাশের হুমকি দিয়ে চলে যায় অভিযুক্তরা।
এ ঘটনায় র্যাব-৪ এর কাছে অভিযোগ করা হলে শনিবার দিনব্যাপী সাভারের কলমান এলাকায় অভিযান চালিয়ে চারজনকে আটক করা হয়। পরে রাতে তাদের বিরুদ্ধে নারী ও শিশু নির্যাতন দমন আইনে একটি মামলা দায়ের করে চারজনকে সাভার থানায় হস্তান্তর করে র্যাব।
সাভার মডেল থানার পরিদর্শক (ইন্টেলিজেন্স) আব্দুল বিশ্বাস ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, গ্রেপ্তার ৪ জনকে ৭ দিনের রিমান্ড চেয়ে আদালতে পাঠানো হয়েছে।
এ ঘটনায় অভিযুক্ত বাকিদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে। একই সাথে ভুক্তভোগী ওই নারীকে উদ্ধার করে স্বাস্থ্য পরীক্ষার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টারে (ওসিসি) পাঠানে হয়েছে।
