ইউটিউবে সাড়া ফেলা অভিনেতা রাশেদ সীমান্তকে এবার দেখা যাবে চোরের ভূমিকায়। আগামীকাল বৈশাখী টিভির ১৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে রাত ৯টায় প্রচার হবে নাটকটি। মঈন খানের রচনা ও পরিচালনায় অন্যান্য চরিত্রে এনামুল হক হেলাল, রত্না খান, সিদ্দিক মাস্টারসহ অনেকে। গল্পে দেখা যাবে- শিরিনের ইচ্ছার বিরুদ্ধে তার বিয়ে হচ্ছে। শিরিনের মন খারাপ কারণ সে জামিল নামের একজন ছেলেকে পছন্দ করে। এমন সময় বাড়িতে চোর প্রবেশ করে। হঠাৎ চোর বুঝতে পারে শিরিন তার ঘরের দিকে আসছে, তাই সে আত্মরক্ষার্থে খাটের নিচে ঢুকে যায়। যেহেতু শিরিনের ইচ্ছার বিরুদ্ধে বিয়ে হচ্ছে তাই শিরিন বিষ খেয়ে আত্মহত্যা করতে যায়, খাটের নিচ থেকে যা দেখে চোর অনেক ভয় পেয়ে শব্দ করে ফেলে। শিরিন চোরকে দেখে ফেলে। বলে আমি তোকে বাঁচাব যদি তুই আমাকে এখান থেকে পালাতে সাহায্য করিস। চোর মানিক উপায়ান্ত না দেখে শিরিনকে নিয়ে পালানোর সিদ্ধান্ত নেয়। শুরু হয় নতুন গল্প। শিরিনের চরিত্রে অভিনয় করেছেন জনপ্রিয় অভিনেত্রী অহনা। রাশেদ সীমান্ত হাতে গোনা কয়েকটি নাটকে অভিনয় করেছেন, যার প্রতিটিই দর্শক পছন্দ করেছে। তার কোনো কোনো নাটকের ভিউ কোটির ঘরে। রাশেদ সীমান্ত বলেন, ‘মানুষের ভালোবাসাই আমার পরম পাওয়া। সবার ভালোবাসা নিয়ে এভাবেই এগিয়ে যেতে চাই।’
×
