তত্ত্বাবধায়ক সরকারব্যবস্থা পুনর্বহাল, নিরপেক্ষ নির্বাচন কমিশন গঠন ও খালেদা জিয়ার বিরুদ্ধে মামলা প্রত্যাহারসহ বিএনপি ঘোষিত ১০ দফা দাবিকে জনগণের মুক্তির সনদ বলে উল্লেখ করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন। তিনি বলেছেন, ‘বর্তমান সরকারের হাত থেকে দেশের জনগণকে রক্ষার জন্যই বিএনপি ১০ দফা দাবি জানিয়েছে। ১০ দফা দেশের জনগণের মুক্তির সনদ।’ গতকাল রবিবার জাতীয় প্রেস ক্লাবের সাবেক সভাপতি রিয়াজউদ্দিন আহমেদের প্রথম মৃত্যুবার্ষিকী উপলক্ষে বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন (বিএফইউজে) ও ঢাকা সাংবাদিক ইউনিয়নের (ডিইউজে) একাংশের উদ্যোগে জাতীয় প্রেস ক্লাবে আয়োজিত স্মরণসভায় এসব কথা বলেন খন্দকার মোশাররফ হোসেন।
তিনি আরও বলেন, ‘পরিবহন ধর্মঘট, হামলা-মামলাসহ নানা বাধা-বিপত্তি উপেক্ষা করে বিএনপি ১০টি বিভাগীয় গণসমাবেশ করেছে। সমাবেশগুলোয় বিপুল জনসমাগম হয়েছে। দেশের রাজনৈতিক, সামাজিক, অর্থনৈতিক, বিচারব্যবস্থা সবকিছু আজ ধ্বংস হয়ে গেছে। এর থেকে দেশকে রক্ষা করতে হবে। সেটা করতে হলে যারা গায়ের জোরে ১৪ বছর ধরে ক্ষমতায় আছে, ভোট ডাকাতি করে ক্ষমতায় আছে, তাদের ক্ষমতা থেকে বিদায় করতে হবে। সে জন্য সারা দেশের জনগণের বার্তাকে একত্র করে, তাদের চেতনাকে ধারণ করে, ১০ দফা দাবি দিয়েছে বিএনপি।’
