স্বাধীনতাবিরোধীরা দেশকে ব্যর্থ করতে চায় : প্রধানমন্ত্রী

আপডেট : ২৬ ডিসেম্বর ২০২২, ০১:৫১ এএম

প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা বলেছেন, স্বাধীনতাবিরোধী শক্তি এবং জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের খুনিরা বাংলাদেশকে ব্যর্থ রাষ্ট্রে পরিণত করতে তৎপর। তারা সারাক্ষণ এ ধরনের চেষ্টায় লিপ্ত।

তিনি বলেন, ‘বাংলাদেশ আমাদের দেশ। আমরা দেশের স্বাধীনতা এনেছি। কিন্তু স্বাধীনতাবিরোধী শক্তি এবং বঙ্গবন্ধুর খুনিরা বাংলাদেশকে ব্যর্থ রাষ্ট্রে পরিণত করতে সদা তৎপর।’

টানা দশম মেয়াদে দলের সভাপতি নির্বাচিত হওয়ার এক দিন পর গতকাল রবিবার গণভবনে তার দলের নেতাকর্মীদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠানে সমাপনী বক্তব্য দেওয়ার সময় শেখ হাসিনা এ মন্তব্য করেন। খবর বাসসের।  তিনি বলেন, ২৯ বছরে, ১৯৭৫ থেকে ১৯৯৬ এবং ২০০১-২০০৯ পর্যন্ত দুই দফায় ক্ষমতায় থাকা সরকারগুলো দেশকে ব্যর্থ রাষ্ট্রে পরিণত করার চেষ্টা করেছে।

শেখ হাসিনা বলেন, বাংলাদেশ এখন উন্নয়নশীল দেশের মর্যাদা পেয়েছে, জনগণও মর্যাদা লাভ করেছে। কারণ ২০০৯ সাল থেকে আওয়ামী লীগ জনগণের ভোটে টানা তিনবার ক্ষমতায় রয়েছে।

প্রধানমন্ত্রী বলেন, নিজস্ব অর্থায়নে পদ্মা সেতু নির্মাণের সিদ্ধান্তে বিশে^ বাংলাদেশের ভাবমূর্তি উজ্জ্বল হয়েছে।

জনগণই আওয়ামী লীগের শক্তির উৎস উল্লেখ করে তিনি বলেন, ‘আমাদের সমর্থনকারী সাধারণ মানুষই আমাদের ক্ষমতার সবচেয়ে বড় উৎস। দলের প্রতিটি নেতাকর্মীকে সাধারণ মানুষের কল্যাণে কাজ করতে হবে।’

প্রধানমন্ত্রী বলেন, ১৯৭৫ সালে জাতির পিতাকে হত্যা করার পর জিয়া, এরশাদ ও খালেদা জিয়া দেশকে ভিক্ষুক জাতিতে পরিণত করেছিল। আওয়ামী লীগ ক্ষমতায় আসার পর দেশ থেকে মঙ্গা (দুর্ভিক্ষের মতো পরিস্থিতি) এবং দুর্ভিক্ষ দূর হয়ে যায়। আজ আমরা খাদ্যে স্বয়ংসম্পূর্ণ।’

সরকারপ্রধান বলেন, আওয়ামী লীগ জাতির পিতার হাতে গড়ে ওঠা সংগঠন। বাংলাদেশের মানুষের অধিকার প্রতিষ্ঠার আন্দোলনের মধ্য দিয়ে এ সংগঠনের জন্ম। তিনি আওয়ামী লীগের নেতাকর্মীদের উদ্দেশে বলেন, তাই এ কথা মাথায় রেখেই দলকে শক্তিশালী করতে হবে।

আওয়ামী লীগ সভাপতি তার দলের বিত্তশালী ব্যক্তিদের নিজ নিজ এলাকায় দলের নিবেদিতপ্রাণ কিন্তু অসচ্ছল কর্মীদের সহায়তায় এগিয়ে আসার আহ্বান জানান। তিনি বলেন, আওয়ামী লীগে অনেক অসচ্ছল নেতাকর্মী আছেন, যারা পৈতৃক জমি বিক্রি করেও রাজনীতি করেন, কিন্তু কখনো কিছু চাননি।

শেখ হাসিনা বলেন, আইয়ুব খান, জিয়া, এরশাদ, খালেদা জিয়াসহ অনেকেই আওয়ামী লীগকে ধ্বংস করতে চেয়েছিল, কিন্তু দলের বিপুলসংখ্যক নিবেদিতপ্রাণ কর্মীর কারণে পারেনি।

বিশ্বব্যাপী অর্থনৈতিক মন্দা প্রসঙ্গে তিনি বলেন, তার সরকার অর্থনীতিকে চাঙা রাখতে এবং উন্নয়ন প্রকল্প গ্রহণ ও বাস্তবায়নে কঠোর সংযম বজায় রাখার জন্য সর্বাত্মক চেষ্টা করছে।

তিনি বলেন, ‘আমরা খুব প্রয়োজনীয় প্রকল্পে গুরুত্ব দিচ্ছি। দ্রুত প্রকল্পের বাস্তবায়ন শেষ করছি, যাতে জনগণের কল্যাণ হয়।’

সরকারপ্রধান বলেন, এখন তার সরকারের লক্ষ্য বাংলাদেশকে উন্নত ও সমৃদ্ধ দেশ হিসেবে গড়ে তোলার পাশাপাশি ২০৪১ সালের মধ্যে ‘স্মার্ট বাংলাদেশ’ গড়ে তোলা।

শেখ হাসিনা বলেন, ডিজিটাল ডিভাইস ও অনলাইন প্ল্যাটফর্মের মাধ্যমে তৃণমূলের প্রতিটি নাগরিক স্মার্ট জনগোষ্ঠীতে পরিণত হবে।

তিনি বলেন, সবাই কম্পিউটার ও অনলাইন ব্যবহারে দক্ষ হবে। অর্থনৈতিক কর্মকা-, স্বাস্থ্যসেবা, শিক্ষা, কৃষিসহ প্রতিটি খাতে স্মার্ট ও ডিজিটাল ডিভাইস ব্যবহার করা হবে।

শুরুতে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের দলের পক্ষ থেকে শেখ হাসিনাকে দশমবারের মতো দলীয় সভাপতি নির্বাচিত হওয়ায় ফুলের তোড়া দিয়ে শুভেচ্ছা জানান।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত