আনোয়ারায় ১০০ লিটার চোলাই মদসহ গ্রেপ্তার ৪

আপডেট : ২৬ ডিসেম্বর ২০২২, ১২:৪১ পিএম

চট্টগ্রামের আনোয়ারায় পাচারের সময় ১০০ লিটার চোলাই মদসহ চারজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

রবিবার রাতে উপজেলার বারখাইন ইউনিয়নের তৈলারদ্বীপ সেতু এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়।

এ সময় মাদক পরিবহনে ব্যবহৃত একটি নাম্বারবিহীন সিএনজিচালিত অটোরিকশা জব্দ করা হয়।

গ্রেপ্তাররা হলেন- মোহাম্মদ মিজান (৩৬), মিশন কান্তি নাথ (৩৫), জানে আলম (৪০) ও আজাদ হোসেন সুমন (৩২)। তাদের বাড়ি উপজেলার বারশত ইউনিয়নের বিভিন্ন এলাকায়।

পুলিশ সূত্র জানায়, গোপন সংবাদের ভিত্তিতে পুলিশের একটি দল তৈলারদ্বীপ সেতু এলাকায় অভিযান চালায়। এ সময় ১০০ লিটার চোলাই মদসহ আটক করা হয় চারজনকে। এসব চোলাই মদের আনুমানিক মূল্য এক লক্ষ টাকা। তারা দীর্ঘদিন ধরে দেশীয় চোলাই মদ অবৈধভাবে সংগ্রহ করে আনোয়ারার বিভিন্ন এলাকায় বিক্রির উদ্দেশ্যে সরবরাহ করে আসছিল।

বিষয়টি নিশ্চিত করে আনোয়ারা থানার ওসি মির্জা মোহাম্মদ হাছান বলেন, গ্রেপ্তারদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। মাদকের বিরুদ্ধে এমন অভিযান অব্যাহত থাকবে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত