ওয়ার্নারের শততম টেস্টে গ্রিনের ৫ উইকেট

আপডেট : ২৭ ডিসেম্বর ২০২২, ০১:০৩ এএম

শততম টেস্ট খেলছেন ডেভিড ওয়ার্নার, প্রথম দিন শেষে ৩২ রানে অপরাজিত। নিজের মাইলফলক অর্জনের টেস্টটা কী করে রাঙাবেন এই বাঁহাতি সেটা দেখা যাবে আজ, তার আগে বক্সিং-ডে টেস্টটা স্মরণীয় করে রাখলেন ক্যামেরন গ্রিন। টেস্ট ক্যারিয়ারে প্রথমবারের মতো পেয়েছেন ইনিংসে ৫ উইকেট। গ্রিনের বোলিং তোপে প্রথম ইনিংসে ১৮৯ রানে অলআউট দক্ষিণ আফ্রিকা, জবাবে প্রথম দিনের খেলা শেষে অস্ট্রেলিয়ার সংগ্রহ ১ উইকেটে ৫১।

মেলবোর্নে টস জিতে বোলিং নিয়েছিলেন প্যাট কামিন্স। ব্রিসবেনের ব্যাটিং ব্যর্থতা থেকে খানিকটা বেরিয়ে আসে প্রোটিয়ারা, কাইল ভারাইয়েন আর মার্কো ইয়ানসেনের হাফসেঞ্চুরিতে। টপ-অর্ডার ফের ব্যর্থ। মিচেল স্টার্ক, প্যাট কামিন্স, স্কট বোল্যান্ডদের বোলিং আক্রমণের সামনে রীতিমতো খাবি খেয়েছেন দক্ষিণ আফ্রিকার টেস্ট দলের ব্যাটসম্যানরা, গ্রিনের গতি তাদের চেয়ে একটু কম হলেও উইকেট বেশি পেয়েছেন এই অলরাউন্ডার। কদিন আগেই আইপিএল নিলামে মোটা টাকায় গ্রিনকে কিনেছে মুম্বাই ইন্ডিয়ানস, সেই খুশিতেই বোধহয় টেস্টেও নিজের বোলিং ক্যারিশমাটা দেখিয়ে দিলেন।

ষষ্ঠ উইকেটে ভারাইয়েন আর ইয়ানসেনের ১১২ রানের জুটিটাই দক্ষিণ আফ্রিকার ইনিংসের মেরুদ-।  হাফসেঞ্চুরির পর দুজনেই আউট হয়েছেন গ্রিনের বলে। বাকিদের অল্পস্বল্প কিছু অবদান মিলিয়ে ৬৮.৪ ওভারে ১৮৯ রানে অলআউট দক্ষিণ আফ্রিকা। ২৭ রানে ৫ উইকেট শিকার গ্রিনের। প্রথম ইনিংসে ব্যাট করতে নেমে প্রথম দিনের খেলা শেষে অস্ট্রেলিয়া ১২ ওভারে ৪৫-১। ওয়ার্নার ৩২ ও মার্নাস লাবুশেন ৫ রানে অপরাজিত। ১ রানে আউট হয়েছেন উসমান খাজা। অস্ট্রেলিয়া পিছিয়ে আছে ১৪৪ রানে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত