‘জীবনে মেট্রোরেল দেখে যেতে পারব, বিশ্বাস করিনি’

আপডেট : ২৮ ডিসেম্বর ২০২২, ০৮:১৫ পিএম

বহুল প্রতীক্ষিত মেট্রোরেলের উদ্বোধনের মধ্য দিয়ে নতুন যুগে প্রবেশ করল বাংলাদেশ। বুধবার (২৮ ডিসেম্বর) বেলা ১১টায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা সবুজ পতাকা উড়িয়ে ও ফিতা কেটে উদ্বোধন করেন মেট্রোরেলের।

এ উদ্বোধন দেখতে রাজধানীর আগারগাঁও এবং উত্তরায় জড়ো হন অনেকে। কেউ কেউ আসেন ঢাকার বাইরে থেকেও।

বুধবার সরেজমিনে আগারগাঁও স্টেশনে গিয়ে দেখা যায়, নির্দিষ্ট সীমানার বাইরে জড়ো হয়েছেন অনেকে। মেট্রোরেলের স্টেশন দেখে তারা অভিভূত। কেউ কেউ সঙ্গে সন্তান নিয়ে এসেছেন। বিশেষ মুহূর্তকে ধরে রাখতে ছবি তুলছেন মোবাইলে।

আগারগাঁওয়ে দেখা মিলল মেহেরপুরের মুজিবনগর থেকে আসা শিক্ষক কমর উদ্দিন সঙ্গে।

তিনি বলেন, নিজের চোখে মেট্রোরেলের উদ্বোধন দেখব বলে ঢাকায় থেকে গিয়েছি। এর আগে পদ্মা সেতু দেখতে গিয়েছিলাম, কিন্তু উদ্বোধনের দিন যেতে পারিনি। তাই এবার আগে থেকেই ঠিক করে রেখেছি উদ্বোধন স্বচক্ষে দেখব।

তিনি বলেন, এটা দেশের জন্য একটা বড় প্রাপ্তি। এর সুফল রাজধানীবাসী পাবে, তবে আমরাও আনন্দিত। আওয়ামী লীগ সরকার দীর্ঘদিন ক্ষমতায় থাকার কারণে এত উন্নয়ন হচ্ছে।

এ সময় পাশে দাঁড়িয়ে থাকা উচ্ছ্বাসিত চাঁপাইনবাবগঞ্জ থেকে আসা সাদেকুল ইসলাম বলেন, মেট্রোরেল দেখার জন্য আগারগাঁও দাঁড়িয়ে আছি। ইচ্ছে করছে আজকেই উঠি। কিন্তু সেটাতো সম্ভব হচ্ছে না। যদি সুযোগ পাই পরবর্তীতে উঠব।

মেট্রোরেলের উদ্বোধন দেখতে তেজগাঁও থেকে হেঁটে এসেছেন আজাদ হাওলাদার। ৭৫ বছর বয়সী এই বৃদ্ধ বলেন, জীবনে মেট্রোরেল দেখে যেতে পাব এটা বিশ্বাস করিনি। তাই বাসা থেকে সকালে হাঁটতে হাঁটতে চলে এসেছি। ছেলেকে বলেছি আমারে যেন একবার হলেও এই ট্রেনে চড়ায়।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত