বান্দরবানে ক্ষুদ্র জাতিসত্তার পাঁচটি জনগোষ্ঠীর নেতারা দাবি করেছেন, তাদের জনগোষ্ঠীর কেউ সশস্ত্র সংগঠন কুকি-চিন ন্যাশনাল ফ্রন্ট (কেএনএফ) ও ইসলামি জঙ্গি কার্যকলাপের সঙ্গে জড়িত নয়। গতকাল বুধবার সকালে পাঁচটি ক্ষুদ্র জনগোষ্ঠীর পক্ষ থেকে সংবাদ সম্মেলন করে এ দাবি করা হয়।
জেলা শহরের অরুণ সারকী টাউন হলে এ সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন লুসাই জনগোষ্ঠীর প্রবীণ শিক্ষাবিদ অধ্যাপক থানজামা লুসাই, জেলা পরিষদের সদস্য সিয়ং ম্রো, সিয়ং খুমি, খুমিদের সামাজিক সংগঠন খুমি কুহুংয়ের প্রধান লেলুং খুমি, থানচি উপজেলার সাবেক চেয়ারম্যান খামলাই ম্রো, জেলা পরিষদের সাবেক সদস্য ম্রাছা খেয়াং প্রমুখ।
সংবাদ সম্মেলনে বলা হয়, সম্প্রতি কেএনএফ নামে একটি সশস্ত্র সংগঠনের আবির্ভাব হয়েছে। সংগঠনটি দাবি করছে, তারা ছয়টি জাতিগোষ্ঠী বম, ম্রো, পাংখুয়া, লুসাই, খেয়াং ও খুমি জাতির সমন্বয়ে গঠিত। প্রকৃতপক্ষে ম্রো, পাংখুয়া, লুসাই, খেয়াং ও খুমি এই পাঁচটি জনগোষ্ঠীর কেউ কেএনএফ সংগঠনের সঙ্গে জড়িত নয়।
বিষয়টিতে ক্ষোভ জানিয়ে লিখিত বক্তব্যে নেতারা বলেন, কেএনএফ গঠন এবং তাদের সশস্ত্র সন্ত্রাসী কার্যকলাপ, জাতিগত বিভাজন, ইসলামি জঙ্গিগোষ্ঠীর আশ্রয় প্রদান এবং পার্বত্য চট্টগ্রাম শান্তি চুক্তি বিরোধিতার মতো হঠকারী তৎপরতায় পাঁচটি জনগোষ্ঠীর কারও সম্পৃক্ততা নেই। পাঁচ জনগোষ্ঠীকে জড়িয়ে কেএনএফের এই অপপ্রচারের বিরুদ্ধে তীব্র প্রতিবাদ ও নিন্দা জানান নেতারা। লিখিত বক্তব্য শেষে পাঁচ জনগোষ্ঠীর নেতাদের প্রত্যেকে বক্তৃতা করেছেন। তারা বলেছেন, কেএনএফের সঙ্গে বম জনগোষ্ঠীর কিছু বিভ্রান্ত ও বখাটে যুবক জড়িত রয়েছে।
