ক্রেতা ও বিক্রেতা সেজে প্রতারণা করে অর্থ হাতিয়ে নেয় একটি চক্র। যশোরে এমন প্রতারণার অভিযোগে ওই চক্রের সাতজনকে গ্রেপ্তার করেছে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)।
গত মঙ্গলবার রাতে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। তারা হলেন জাকির হোসেন, ফারুক, হোসেন, ওবায়দুল হোসেন, আলম মোল্লা ওরফে সুশান্ত, রবিউল আওয়াল ও পারভেজ হোসেন। এ সময় তাদের কাছ থেকে সাড়ে তিন লাখ টাকা উদ্ধার করা হয়। পরে গতকাল তাদের আদালতে পাঠানো হলে প্রতারণার কথা স্বীকার করেছেন তারা। এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানায় পিবিআই।
এতে বলা হয়, ১৫ ডিসেম্বর অভিযুক্ত জাকির ও ফারুক প্রথমে যশোর সদরের পুলেরহাটে রিয়াদ হোসেন রাকিবের দোকানে যান। সেখানে হাজি কামাল কেমিক্যাল কোম্পানির বিক্রয়কর্মী পরিচয় দিয়ে কোম্পানির কিছু মালামাল বিক্রির জন্য দিয়ে আসেন। পরদিন আসামি রবিউল আউয়াল ও ওবায়দুল ক্রেতা সেজে ওই মালামাল বাদীর দোকান থেকে কিনে নিয়ে আসেন।
অভিযুক্ত জাকির ও ফারুক পুনরায় রাকিবের দোকানে আরও মালামাল দিয়ে আসেন। পরে অভিযুক্ত হোসেন, আলম মোল্লা ওরফে সুশান্ত, পারভেজ ও অজ্ঞাতপরিচয় আরও কয়েকজন ক্রেতা সেজে রাকিবের দোকানে গিয়ে জাকির ও ফারুকের দেওয়া মালগুলো কিনে নিয়ে আসতেন।
পিবিআই জানায়, সবশেষ তারা রাকিবের দোকানে গিয়ে ২ লাখ ৫০ হাজার টাকার মাল কেনার অর্ডার দেন। রাকিব অর্ডার মোতাবেক ২২ ডিসেম্বর নগদ ২ লাখ ২ হাজার টাকা দিয়ে জাকির ও ফারুকের মাল কিনে দোকানে রাখেন। কিন্তু অভিযুক্ত হোসেন, আলম মোল্লা ওরফে সুশান্ত, পারভেজ, রবিউল আউয়াল ও ওবায়দুল অর্ডার দেওয়া মাল কিনতে আসেননি।
