প্রধানমন্ত্রী প্রথম যাত্রী গর্বিত মরিয়ম

আপডেট : ২৯ ডিসেম্বর ২০২২, ০৬:০৯ এএম

মেট্রোরেলের প্রথম যাত্রী হিসেবে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে পেয়ে গর্ববোধ করছেন বলে জানিয়েছেন রেলের প্রথম নারীচালক মরিয়ম আফিজা। গতকাল বুধবার দুপুরে বাংলাদেশের মেট্রোরেল উদ্বোধনের পর রেল চালিয়ে উত্তরা উত্তর স্টেশন থেকে আগারগাঁও আসার পর সাংবাদিকদের এসব অনুভূতির কথা জানান তিনি। মরিয়ম আফিজা বলেন, ‘দেশবাসী স্বপ্নপূরণের জন্য যেমন অপেক্ষায় ছিল তেমনই আমাদেরও অনেক প্রস্তুতি ছিল। সবকিছু সফল হয়েছে আজকের মেট্রোরেল উদ্বোধনের পর। প্রধানমন্ত্রী এই যাত্রায় সঙ্গী ছিলেন, পুরো দেশবাসীর মতো আমিও অনেক গর্ববোধ করছি। তাছাড়া, নারীরা এখন আর কোথাও পিছিয়ে নেই।’ তিনি আরও বলেন, ‘আজ প্লেনের পাইলট থেকে শুরু করে জাহাজের ক্যাপ্টেন সবক্ষেত্রেই নারীরা তাদের অবদান রাখছেন। নারীরা দেশ চালাচ্ছে, ঘর চালাচ্ছে। করপোরেট সেক্টরও নারীরা চালাচ্ছে। তাই আমি মনে করি না নারীরা এখন আর পিছিয়ে আছে। সব সেক্টরে নারীরা সমানভাবে এগিয়ে যাচ্ছে। আমাদের যে স্বপ্ন ছিল আমরা একটি ডিজিটাল ট্রান্সপোর্টের দিকে যাবে, তার একটি অংশ হতে পেরে আমি খুবই আনন্দিত।’

মেট্রোরেলের প্রথম এই চালক মরিয়ম আফিজা লক্ষ্মীপুর জেলার রামগঞ্জ উপজেলার করপাড়া ইউনিয়নের বাসিন্দা। তিনি নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (নোবিপ্রবি) থেকে কেমিস্ট্রি অ্যান্ড কেমিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ে স্নাতকোত্তর সম্পন্ন করেন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত