৫৩/৩ স্কোরে চতুর্থ দিন সকালে যখন দ্বিতীয় ইনিংসের ব্যাটিং আবার শুরু করে ইস্ট জোন, লিড মাত্র ৬৮। দ্রুত অলআউট হলে জয়ের সুযোগ পেয়ে যেত সাউথ জোন। কিন্তু জহুরুল ইসলাম অমি ও মোহাম্মদ আশরাফুলের ব্যাটে সেই বিপদে পড়েনি ইস্ট জোন। তাদের দৃঢ়তায় কক্সবাজারে বিসিএলের দ্বিতীয় রাউন্ডের ম্যাচটি ড্র হয়।
২৯তম ওভারে শাহাদত হোসেন দিপুর ৩১ রানে বিদায়ে ইস্ট জোনের স্কোর দাঁড়ায় ৮৫/৪। এরপর দুই অভিজ্ঞ মিলে রানের চিন্তা বাদ দিয়ে উইকেটে টিকে থাকার লড়াইয়ে নামের। প্রথম ইনিংসে ১৪৫ করা অমি ১৩১ বলে ৬২ ও আশরাফুল ১১৩ বলে ৫০ করেন। এ দুজনের পর রুয়েল মিয়া ৬০ বলে ৬০ রান করে দলকে ভালো স্কোরে নিয়ে যান। দ্বিতীয় ইনিংসে ২৬০ রান করায় প্রথম ইনিংসের ১৪ রানের লিডসহ সাউথ জোনকে ২৭৬ রানের লক্ষ্য দেয় ইস্ট জোন। সাউথের দুই ওপেনার এনামুল হক বিজয় ৪৯ বলে ৫১ ও পিনাক ঘোষ ৩১ বলে ২৬ রানে অপরাজিত থেকে ৭৭ রান তোলেন। এই ড্রয়ে দু’ম্যাচে প্রথম পয়েন্ট পেল ইস্ট জোন। অন্যদিকে প্রথম রাউন্ডে জয়ী সাউথের পয়েন্ট ১০। দুই ম্যাচের দুটিতেই জয়ী ১৮ পয়েন্ট নিয়ে শীর্ষে সেন্ট্রাল।
