ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) শিক্ষক সমিতির কার্যকরী পরিষদ নির্বাচনে ১৫ পদের মধ্যে ১৪টিতেই আওয়ামীপন্থি নীল দলের প্রার্থীরা জয় পেয়েছেন। সভাপতি পদে নির্বাচিত হয়েছেন মো. নিজামুল হক ভূঁইয়া। সাধারণ সম্পাদক পদে বিজয়ী হয়েছেন জিনাত হুদা। শুধুমাত্র সহ-সভাপতি পদে ৪৭ ভোটের ব্যবধানে নীল দলের প্রার্থীকে হারিয়ে নির্বাচিত হয়েছেন বিএনপিপন্থি সাদা দলের আহ্বায়ক মো. লুৎফর রহমান।
গতকাল বৃহস্পতিবার সকাল ১০টা থেকে দুপুর আড়াই পর্যন্ত ঢাকা বিশ্ববিদ্যালয় ক্লাব ভবনে শিক্ষক সমিতির নির্বাচন হয়। ভোট গণনা শেষে বিকেল ৫টার দিকে ফল ঘোষণা করেন নির্বাচন পরিচালক ও ফার্মেসি অনুষদের ডিন সীতেশ চন্দ্র বাছার।
নির্বাচনে সর্বোচ্চ ভোট পেয়ে সদস্য নির্বাচিত হয়েছেন নীল দলের প্রার্থী ও সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক ড. জিয়া রহমান। সদস্য পদে ১৪ প্রার্থীর মধ্যে তিনি সর্বোচ্চ ৮৮২ ভোট পেয়েছেন। এ ছাড়া যুগ্ম সাধারণ সম্পাদক পদে সর্বোচ্চ ব্যবধানে নির্বাচিত হয়েছেন খাদেমুল হক।
গঠনতন্ত্র অনুযায়ী প্রতি বছর শিক্ষক সমিতির কার্যকরী পরিষদের ১৫টি পদে নির্বাচন হয়। আওয়ামী লীগ ক্ষমতাসীন হওয়ার পর এক যুগে সমিতিতে নীল দলের অবস্থান ক্রমাগত নিরঙ্কুশ হয়েছে। সর্বশেষ নির্বাচনেও ১৫ পদের ১৪টিতে জিতেছিল আওয়ামীপন্থি নীল দল।
