এক বছরের ব্যবধানে সোনার দাম ভরিতে বাড়ল ১৫,২৮১ টাকা!

আপডেট : ৩০ ডিসেম্বর ২০২২, ০৫:৪৪ এএম

২০২১ সালের ১৫ ডিসেম্বর দেশে ২২ ক্যারেট সোনার দাম ছিল ভরিতে ৭৩ হাজার ১৩২ টাকা। কিন্তু ২০২২ সালের ডিসেম্বরের শেষে এসে একই মান ও পরিমাণের সোনার দাম বেড়ে দাঁড়িয়েছে ৮৮ হাজার ৪১৩ টাকা। অর্থাৎ এক বছরের ব্যবধানে সোনার দাম বাড়ল ১৫ হাজার ২৮১ টাকা। নতুন নির্ধারণ করা সোনার দাম দেশের ইতিহাসে রেকর্ড গড়েছে। গতকাল বৃহস্পতিবার ভরিতে ১ হাজার ১৬৬ টাকা বাড়িয়ে নতুন দাম নির্ধারণ করা হয়েছে। এতে ভালো মানের প্রতি ভরি সোনার দাম দাঁড়িয়েছে ৮৮ হাজার ৪১৩ টাকা।

আজ শুক্রবার থেকে সোনার এই নতুন দাম কার্যকর করা হবে বলে জানিয়েছে বাংলাদেশ জুয়েলার্স সমিতি (বাজুস)। এর আগে গত ৪ ডিসেম্বর এবং ১৮ ও ১৩ নভেম্বর দেশের বাজারে সোনার দাম বাড়ানো হয়। ফলে দেড় মাসের মধ্যে দেশের বাজারে সোনার দাম বাড়ল চার দফা। এতে দেশের বাজারে ইতিহাসের সর্বোচ্চ দামে পৌঁছে গেছে দামি এই ধাতুটি। এর আগে কখনো দেশের বাজারে সোনার ভরি ৮৮ হাজার টাকা স্পর্শ করেনি।

চলতি বছরের ৪ ডিসেম্বর সব থেকে ভালো মানের সোনার দাম ভরিতে ৩ হাজার ৩৪ টাকা বাড়ানো হয়। এতে ভালো মানের এক ভরি সোনার দাম দাঁড়ায় ৮৭ হাজার ২৪৭ টাকা। দেশের বাজারে এতদিন এটিই সোনার সর্বোচ্চ দাম ছিল। এখন সেই রেকর্ড ভেঙে নতুন উচ্চতায় পৌঁছাল সোনার দাম। ভালো মানের সোনার পাশাপাশি বাড়ানো হয়েছে সব ধরনের সোনার দাম। মান ভেদে প্রতি ভরি সোনার দাম বাড়ানো হয়েছে ৮১৭ টাকা থেকে ১ হাজার ১৬৬ টাকা পর্যন্ত। তবে রুপার দামে কোনো পরিবর্তন আসেনি।

বাজুসের মূল্য নির্ধারণ ও মূল্য পর্যবেক্ষণ সংক্রান্ত স্থায়ী কমিটি গতকাল বৃহস্পতিবার বৈঠক করে সোনার দাম বাড়ানোর সিদ্ধান্ত নেয়। পরে এ কমিটির চেয়ারম্যান এম এ হান্নান আজাদের সই করা এক সংবাদ বিজ্ঞপ্তিতে দাম বাড়ানোর এ সিদ্ধান্ত জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, স্থানীয় বাজারে তেজাবী সোনার দাম বেড়েছে। তাই সার্বিক পরিস্থিতি বিবেচনায় বাংলাদেশ জুয়েলারি সমিতি সোনার নতুন দাম নির্ধারণ করেছে। ৩০ ডিসেম্বর থেকে এই দাম কার্যকর হবে।

নতুন মূল্য অনুযায়ী, সব থেকে ভালো মানের বা ২২ ক্যারেটের প্রতি ভরি (১১.৬৬৪ গ্রাম) সোনার দাম ১ হাজার ১৬৬ টাকা বাড়িয়ে ৮৮ হাজার ৪১৩ টাকা করা হয়েছে। এ ছাড়া ২১ ক্যারেটের প্রতি ভরি সোনার দাম ১ হাজার ১০৮ টাকা বাড়িয়ে ৮৪ হাজার ৩৮৯ টাকা করা হয়েছে। ১৮ ক্যারেটের প্রতি ভরি সোনার দাম বেড়েছে ৯৩৩ টাকা। এর ফলে ১৮ ক্যারেটের প্রতি ভরি সোনার দাম হলো ৭২ হাজার ৩১৭ টাকা। একই সঙ্গে সনাতন পদ্ধতির সোনার দাম ভরিতে ৮১৭ টাকা বাড়িয়ে ৬০ হাজার ৩০৩ টাকা করা হয়েছে।

সোনার দাম বাড়লেও রুপার আগের নির্ধারিত দামই বহাল রয়েছে। ২২ ক্যারেটের প্রতি ভরি রুপার নির্ধারিত মূল্য ১ হাজার ৫১৬ টাকা। ২১ ক্যারেটের রুপার দাম ১ হাজার ৪৩৫ টাকা, ১৮ ক্যারেটের ১ হাজার ২২৫ টাকা। এ ছাড়া সনাতন পদ্ধতির রুপার দাম ৯৩৩ টাকাই থাকছে।

এর আগে গত ৪ ডিসেম্বর এবং ১৮ ও ১৩ নভেম্বর সোনার দাম বাড়ানো হয়। তার আগে ২৫ অক্টোবর এবং ২৭, ১৯ ও ১৫ সেপ্টেম্বর দেশের বাজারে সোনার দাম কমানো হয়। তারও আগে ১১ সেপ্টেম্বর এবং ২২ আগস্ট সোনার দাম বাড়ায় বাজুস। এর আগে ১৮ আগস্ট সোনার দাম কিছুটা কমানো হয়েছিল। তবে তার আগে ৪ ও ৭ আগস্ট এবং ২৭ ও ২৯ জুলাই সোনার দাম বাড়ানো হয়।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত