চিকিৎসা শেষে দেশে ফিরেছেন ডা. ফ্লোরা

আপডেট : ৩১ ডিসেম্বর ২০২২, ০৪:০৬ এএম

সিঙ্গাপুর থেকে চিকিৎসা শেষে দেশে ফিরেছেন স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক (পরিকল্পনা ও উন্নয়ন) অধ্যাপক ডা. মীরজাদী সেব্রিনা ফ্লোরা। গত বৃহস্পতিবার রাত সাড়ে ৯টায় সিঙ্গাপুর এয়ারলাইন্সের একটি ফ্লাইটে তিনি ঢাকা ফেরেন বলে জানিয়েছেন আইইডিসিআরের কনসালট্যান্ট ও সাবেক প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা ডা. এস এম আলমগীর।

ডা. এস এম আলমগীর গতকাল শুক্রবার দেশ রূপান্তরকে বলেন, ডা. ফ্লোরা এখন অনেকটাই সুস্থ। তবে শরীর এখনো দুর্বল। তার বিশ্রাম প্রয়োজন। বাসায় আছেন। শারীরিক অবস্থা নিয়ে কোনো শঙ্কা নেই।

এ ব্যাপারে স্বাস্থ্য অধিদপ্তরের কর্মকর্তারা জানান, ডা. ফ্লোরার শারীরিক অবস্থা আগের থেকে ভালো। তবে তিনি দাপ্তরিক কাজ করার জন্য পুরোপুরি সুস্থ হননি।

অসুস্থতা নিয়ে এ বছর জুলাইয়ে ডা. মীরজাদী সেব্রিনা ফ্লোরা রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে ভর্তি হন। ধীরে ধীরে শারীরিক অবস্থার অবনতি হলে আগস্টের শুরুর দিকে তাকে উন্নত চিকিৎসার জন্য সিঙ্গাপুরে নেওয়া হয়। সেখানেই তার অস্ত্রোপচার হয়। সিঙ্গাপুর ন্যাশনাল ইউনিভার্সিটি হাসপাতালে তিনি চিকিৎসাধীন ছিলেন। ওই হাসপাতালে তার পাঁচবার নেক্রোসেক্টোমি করা হয়। তিনি দীর্ঘদিন ভেন্টিলেশনে ছিলেন।

স্বাস্থ্য অধিদপ্তরের কর্মকর্তারা জানান, ডা. ফ্লোরার অগ্নাশয় এবং পিত্তনালি দুটো একসঙ্গে যুক্ত হয়ে খাদ্যনালির ভেতরে ঢোকে। অগ্নাশয় এবং পিত্তনালির রস যে পথে আসে তা সরু হয়ে গিয়েছিল।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত