ঘন কুয়াশায় ঝুঁকি নিয়ে ট্রলারে পারাপার

আপডেট : ৩১ ডিসেম্বর ২০২২, ০৯:৩৮ এএম

রাজবাড়ীর দৌলতদিয়া ফেরি ঘাট থেকে ইঞ্জিন চালিত ট্রলারে ঝুঁকি নিয়ে যাত্রীরা নদী পার হচ্ছেন। রাত থেকেই ঘন কুয়াশায় ফেরি চলাচল বন্ধ থাকার অজুহাতে প্রশাসনের চোখ ফাঁকি দিয়ে ট্রলারে যাত্রী পার করছেন চালকরা।

শনিবার (৩১ ডিসেম্বর) সকাল সাড়ে ৮টার দিকে দৌলতদিয়ার পরিত্যক্ত ১ নম্বর ফেরি ঘাট থেকে যাত্রী বোঝাই করে পর পর বেশ কয়েকটি ট্রলার পাটুরিয়ার উদ্দেশ্যে ছেড়ে যেতে দেখা গেছে।

এ সময় আরও দেখা যায় পাটুরিয়া থেকে যাত্রী বোঝাই করে ট্রলার দৌলতদিয়া ঘাটে এসে ভিড়েছে। এ সময় ঘাট এলাকায় চোখে পড়ে‌নি আইনশৃঙ্খলা বাহিনীর কোনো সদস্যদের। কোন বাধা-বিপত্তি ছাড়াই যাত্রীদের ডেকে ওঠানো হচ্ছে ট্রলারে।

জানা গেছে, ঘন কুয়াশার কারণে শুক্রবার দিবাগত রাত ১ থেকে দৌলতদিয়া-পাটুরিয়া নৌ-রুটে ফেরি ও লঞ্চ চলাচল বন্ধ করে দেয় কর্তৃপক্ষ। যে কারণে দক্ষিণ-পশ্চিম অঞ্চল থেকে আসা যানবাহন আটকা পরে দৌলতদিয়া প্রান্তে। ফেরি চলাচল বন্ধ থাকায় নদী পারাপার হতে না পেরে, ঝুঁকি নিয়ে ট্রলারে করে নদী পার হচ্ছেন ঢাকাগামী যাত্রীরা। এ সময় জনপ্রতি ১০০ টাকা ভাড়া গুনতে হচ্ছে যাত্রীদের।

ইঞ্জিনচালিত ট্রলার চালকদের সাথে কথা বলতে গেলে তারা জানান, পেটের দায়ে ঝুঁকি নিয়ে যাত্রী পারাপার করছি। তাছাড়া পদ্মার চরে শ্রমিকরা অনেকেই যাচ্ছে ধান কাটতে তাদেরকে পারাপার করে সুযোগ পেলে যাত্রী পার করছি।

দৌলতদিয়া ঘাট নৌ পুলিশ ফাঁড়ির ওসি জে এম শিরাজুল কবির দেশ রূপান্তরকে জানান, যাত্রীদের নিরাপত্তা ও আইন শৃঙ্খলা রক্ষায় আমরা সার্বক্ষণিক ঘাট এলাকাসহ নদীতে টহল দিচ্ছি। সকালে আমরা একবার ট্রলার চলাচল বন্ধ করে দেওয়া হয়। আবার ট্রলার চলছে এমন কথা শোনার সাথে সাথে সেখানে টিম পাঠানো হয়েছে। আশা করি ট্রলার চলাচল বন্ধ হয়ে যাবে। তবে মাঝে-মধ্যে আমাদের চোখ ফাঁকি দিয়ে ট্রলারে যাত্রী পারাপার করা হয়।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত