গতরাতে অর্থাৎ থার্টি ফার্স্ট নাইটে ওড়ানো অনেক ফানুস মেট্রোরেলের বৈদ্যুতিক তারের ওপর পড়ায় দুর্ঘটনারোধে মেট্রোরেল চলাচল বন্ধ রাখা হয়। আজ রবিবার (১ জানুয়ারি) ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেড (ডিএমটিসিএল)-এর একজন ঊর্ধ্বতন কর্মকর্তা বিষয়টি নিশ্চিত করে বলেন, এখন ফানুস অপসারণের কাজ চলছে। এ কারণে সকাল ৮টা থেকে ১০টা পর্যন্ত মেট্রোরেল চলাচল বন্ধ থাকবে।
ফানুস অপসারণের পর সকাল ১০টায় মেট্রোরেল চলাচল শুরু করে।
জানা গেছে, সকাল ৮টা থেকে ১০টা পর্যন্ত উত্তরা উত্তর স্টেশন থেকে আগারগাঁও পর্যন্ত মেট্রোরেল চলাচল বন্ধ রাখা হয়। এ সময় মেট্রোরেলের ১১ দশমিক ৭৩ কিলোমিটার পথজুড়ে তারের ওপর ছড়িয়ে থাকা ফানুস অপসারণ করা হয়।
ডিএমটিসিএলের ওই ঊর্ধ্বতন কর্মকর্তা বলেন, গতরাতে ওড়ানো অনেক ফানুস মেট্রোরেলের বৈদ্যুতিক তারের ওপর এসে পড়ে। দুর্ঘটনারোধে মেট্রোরেল চলাচল দুই ঘণ্টার জন্য বন্ধ রাখা হয়। ফানুস অপসারণ শেষে ১০টার সময় মেট্রোরেল চালু করা হয়। তিনি আরও বলেন, এত নিষেধ সত্ত্বেও আমরা এসব থেকে বিরত হইনি। এর কারণে মেট্রোরেলের বৈদ্যুতিক তারে ভয়াবহ দুর্ঘটনা ঘটতে পারত।
