আগামী জাতীয় সংসদ নির্বাচন সংবিধান অনুযায়ী, সঠিকভাবে, সঠিক সময়ে অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী আনিসুল হক। নির্বাচনে ভোটাধিকার প্রয়োগে কেউ বাধা দিলে কঠোর ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দিয়েছেন তিনি।
গতকাল রবিবার দুপুরে সচিবালয়ে নিজ দপ্তরে মন্ত্রণালয়ের কর্মকর্তা-কর্মচারী ও সাংবাদিকদের সঙ্গে ইংরেজি নববর্ষের শুভেচ্ছা বিনিময়কালে এ হুঁশিয়ারি দেন আইনমন্ত্রী। তিনি বলেছেন, ‘বর্তমান সরকারের মেয়াদ পাঁচ বছর। আমরা আশা করব, এই সরকারের মেয়াদান্তে যে নির্বাচন অনুষ্ঠিত হবে, তাতে সব দল অংশগ্রহণ করবে।’
আনিসুল হক বলেন, ‘এই দেশে গণতন্ত্রের যে বিকাশ হয়েছে, সেটা শেখ হাসিনা সরকারের আমলেই হয়েছে। দেশে জনগণের ভোটাধিকার প্রয়োগ করার যে অধিকার আছে, তা যদি কেউ বাধাগ্রস্ত করে, তাহলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। যে দলই কোনো বিশৃঙ্খলা ঘটানোর চেষ্টা করুক, সেটাকে প্রশ্রয় দেওয়া হবে না। আমাদের কাজ জনগণের উন্নয়নকে অগ্রাধিকার দেওয়া, ২০৪১ সালের মধ্যে একটি স্মার্ট বাংলাদেশ গড়ে তোলা। সেখানে কেউ বাধা সৃষ্টি করলে আইনশৃঙ্খলা বাহিনী আইনানুগভাবে ব্যবস্থা নিব।’
আইনমন্ত্রী আরও বলেন, ‘শেখ হাসিনার সরকারের সময়ে বাংলাদেশে মানবাধিকার লঙ্ঘনের চেয়ে মানবাধিকার প্রতিষ্ঠা বেশি হয়েছে। যেসব ক্ষেত্রে জনগণ বিচার পায়নি, সেসব ক্ষেত্রে শেখ হাসিনার সেবামূলক সরকারের আমলে মানুষ বিচার পেয়েছে। যারা বলছেন মানবাধিকার লঙ্ঘন হয়েছে, তারা কিন্তু অতীতে যে বড় বড় মানবাধিকার লঙ্ঘন হয়েছে সেটার কথা বলেন না।’
আইনমন্ত্রীর শুভেচ্ছা বিনিময়কালে উপস্থিত ছিলেন মন্ত্রণালয়ের লেজিসলেটিভ সংসদ বিষয়ক বিভাগের সচিব মো. মইনুল কবির, আইন ও বিচার বিভাগের সচিব মো. গোলাম সারওয়ারসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা।
