ভাসানটেকে অফিসে ঠিকাদারকে গুলি

আপডেট : ০২ জানুয়ারি ২০২৩, ০৬:৩৭ এএম

রাজধানীর ভাসানটেকে দুর্বৃত্তদের গুলিতে মো. হোসেন আলী (৬০) নামে এক ঠিকাদারসহ দুজন আহত হয়েছেন।

গতকাল রবিবার রাত সোয়া ৮টার দিকে উত্তর ভাসানটেক হোসেন আলী মোড়ে একটি অফিসে এ ঘটনা ঘটে। আহত অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। হোসেন আলী মোড়ে তার বাসা এবং ওয়েলফেয়ার সোসাইটি নামে একটি সংঘের সভাপতি তিনি। টিনশেড অফিসও সেই মোড়ে।

অফিসের পিয়ন শফিকুল ইসলাম রিপন জানান, রাতে অফিসে হোসেন আলীসহ ১০-১২ জন বসে কাজকর্ম নিয়ে আলোচনা করছিলেন। তখন ১৫ থেকে ২০ জন মুখোশধারী দুর্বৃত্ত এসে তাকে লক্ষ্য করে এলোপাতাড়ি গুলি করতে থাকে এবং ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে আহত করে হোসেন আলীকে। এ সময় তাদের ফেরাতে গিয়ে অফিসেরই কর্মচারী অন্তর (৩০) আহত হন। তিনি আরও জানান, ৫ মিনিটের মধ্যে তারা অন্তত ৮ থেকে ১০ রাউন্ড গুলি করে দৌড়ে পালিয়ে যায়। আহত অবস্থায় তাকে উদ্ধার করে প্রথমে কুর্মিটোলা জেনারেল হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখান থেকে তাকে ঢাকা মেডিকেলে নিয়ে যাওয়া হয়।

ঢামেক হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ (ইন্সপেক্টর) মো. বাচ্চু মিয়া জানান, তার দুই পায়ে ধারালো অস্ত্রের আঘাতসহ হাঁটুতে গুলি বিদ্ধ হয়েছে। ঘটনাটি ভাসানটেক থানা পুলিশ দেখছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত