নতুন বছরের শুরুটা মোটেও ভালো হলো না পিএসজির। লিগ ওয়ানের ম্যাচে হারতে হলো তাদের। মৌসুমে যা দলটির প্রথম হার।
লঁসের মাঠে রবিবার রাতে ৩-১ গোলে হেরেছে পিএসজি। গত বছরের মার্চের পর এই প্রথম হার দলটির।
ম্যাচের পঞ্চম মিনিটেই শেমেসোয়াফ ফ্রাঙ্কোভস্কি চমৎকার এক গোলে এগিয়ে নেন লঁসকে। এর তিন মিনিট পরই অবশ্য সমতায় ফেরে পিএসজি। গোল করেন উগো একিতিকে।
তবে ২৮তম মিনিটে ফের এগিয়ে যায় লঁস। গোল করেন লোইস ওপেন্দা। ২-১ গোলে এগিয়ে থেকে বিরতিতে যাওয়ার পর দ্বিতীয়ার্ধের শুরুতেই ব্যবধান ৩-১ করে স্বাগতিকরা। এবার গোলদাতা ক্লদ-মরিস।
ছুটিতে থাকায় লিওনেল মেসি এদিন ছিলেন না। আর আগের ম্যাচে লাল কার্ড দেখায় ছিলেন না নেইমারও। কিলিয়ান এমবাপ্পে খেললেও খুব একটা কার্যকরী ছিলেন না।
পিএসজি এ ম্যাচের আগে সবশেষ হেরেছিল মোনাকোর বিপক্ষে, গত বছরের ২০ মার্চ।
এই জয়ের শীর্ষে থাকা পিএসজির সঙ্গে ব্যবধান কমিয়েছে দ্বিতীয় স্থানে থাকা লঁস। ১৭ ম্যাচে ১৪ জয় ও ২ ড্রয়ে ৪৪ পয়েন্ট পিএসজির। সমান ম্যাচে ১২ জয় ও চার ড্রয়ে লঁসের পয়েন্ট ৪০।
