ভৈরবে ছাত্রদলের মিছিলে লাঠিচার্জের অভিযোগ

আপডেট : ০২ জানুয়ারি ২০২৩, ০২:৩৪ পিএম

কিশোরগঞ্জের ভৈরবে পুলিশি বাঁধায় ছাত্রদলের ৪৪তম প্রতিষ্ঠাবার্ষিকীর আনন্দ মিছিল পণ্ড হয়ে গেছে। এ সময় ছাত্রদলের বেশ কয়েকজন নেতা-কর্মীকে লাঠিচার্জসহ শারীরিকভাবে লাঞ্ছিত করা হয়েছে বলে অভিযোগ করেন নেতা-কর্মীরা।

সোমবার (২ জানুয়ারি) বেলা ১১টায় উপজেলা, পৌর ও কলেজ ছাত্রদলের যৌথ আয়োজনে আনন্দ র‌্যালির আয়োজন করা হয়। এসময় ভৈরব শহর ফাঁড়ির ইনচার্জ পুলিশ পরিদর্শক মো. শ্যামল মিয়ার নেতৃত্বে বিপুল সংখ্যক পুলিশ ঘটনাস্থলে গিয়ে বাঁধা দেন। তখন ছাত্রদল নেতারা পুলিশ কর্মকর্তাদের সঙ্গে বাক-বিতণ্ডায় লিপ্ত হন।

এ সময় বেশ কয়েকজন নেতা-কর্মীদের ওপর মৃদু লাঠিচার্জসহ শারীরিক লাঞ্ছনার ঘটনা ঘটে বলে দাবি নেতা-কর্মীদের।

এ বিষয়ে পুলিশ পরিদর্শক শ্যামল মিয়া জানান, ছাত্রদল পূর্ব অনুমতি ছাড়াই মিছিলের আয়োজন করে। তাই তাদের বাঁধা দেওয়া হয়েছে।

ছাত্রদল নেতাদের দাবি উপেক্ষা করে পুলিশ নেতা-কর্মীদের ঘটনাস্থল থেকে সরিয়ে দেন। পরে ছাত্রদল চাঁন্দভান্ডার দরবার শরীফ সংলগ্ন একটি গলিতে প্রতিবাদ সভা করে। এ সময় তারা তাদের শান্তিপ্রিয় আনন্দ মিছিলে বাঁধা দেওয়ায় পুলিশ প্রশাসনের প্রতি তীব্র নিন্দাসহ প্রতিবাদ জানান।

প্রতিবাদ সভায় বক্তব্য রাখেন উপজেলা ছাত্রদলের আহ্বায়ক রেজুয়ান উল্লাহ, সদস্য সচিব আরিফ মো. ফরহাদ, পৌর ছাত্রদলের আহ্বায়ক হিসাম রহমান, সদস্য সচিব মুকিত আব্দুল্লাহ ফারুকী, হাজী আসমত কলেজ ছাত্রদলের আহ্বায়ক শিব্বির আহমেদ হামি, সদস্য সচিব আক্তারুজ্জামান আকাশ প্রমুখ।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত