শোবিজের তারকারা সারা বছর ভক্ত-দর্শকদের বিনোদনের জন্য কাজ করেন। কিন্তু তারা কীসে বিনোদিত হন? তা জানাতেই এই আয়োজন আবুল হায়াত, সাংস্কৃতিক ব্যক্তিত্ব
অবসরে নিজেকে আনন্দ দিতে বই আমার প্রথম সঙ্গী। আমার কালেকশনে ৪-৫ হাজার বই আছে। বলছি না যে সব পড়েছি, তবে সিংহভাগই পড়া। এরমধ্যে কিছু বই আছে যা কিছুদিন পর পর একটু উল্টে দেখতে ইচ্ছে করে। সেই তালিকায় সবার আগে থাকবে শওকত আলী। তার লেখা ‘উত্তরের ক্ষেপ’ ও ‘পিঙ্গল আকাশ’ পড়ে আমি মুগ্ধ হই। তবে সবচেয়ে ভালো লেগেছে ‘প্রদোষে প্রাকৃতজন’। বলতে পারেন, আমার পড়া সবচেয়ে শ্রেষ্ঠ উপন্যাস এটি। এমনিতেই শওকত আলী আমার সবচেয়ে প্রিয় লেখক। তার ঘটনা বর্ণনা ও ভাষাবিন্যাস আমাকে মুগ্ধ করে সবচেয়ে বেশি। তবে এই বইয়ে তিনি নিজের লেখার ধরন খানিকটা বদলে ফেলেছেন। কারণ এই বইয়ের প্লট অনেক অতীত। বইটি পড়ে আমি শেকড়ের সন্ধান পাই। আমাদের পূর্বপুরুষদের সম্পর্কে ধারণা পাই। ভারতবর্ষে মুসলমানরা কীভাবে এলো সেই ইতিহাসের সন্ধান পাই উপন্যাসটিতে। এই গল্প নিয়ে অত্যন্ত ভালো একটি সিনেমা হতে পারে। যদি কেউ আগ্রহী হয়, তবে মানুষ দেখার মতো একটি শক্তিশালী গল্প পাবে পর্দায়। আমাদের পরিচালকদের নিয়ে আমি খুবই আশাবাদী। তারা সুযোগ পেলে কাজটি করতে পারবে চমৎকারভাবে। তবে সেটা অবশ্যই হবে বেশ বড় বাজেটের সিনেমা।
