ব্যবসার মন্দা থেকে উত্তরণ

আপডেট : ০২ জানুয়ারি ২০২৩, ১১:৫৩ পিএম

ব্যবসার চক্রাকারটা জটিল। এই ভালো এই মন্দা। কীভাবে ব্যবসার ব্যর্থতা কাটিয়ে উঠতে হয় অনেকেরই অজানা। প্রয়োজন যুক্তিযুক্ত ও উপযুক্ত পরিকল্পনা, কর্মঠতা, দক্ষতা, অভিজ্ঞতা ও সিদ্ধান্ত। ব্যবসার খারাপ সময়ে আপনার করণীয় লিখলেন অরণ্য মাহবুব

পরিকল্পনা প্রণয়ন : ব্যবসায় খারাপ সময় এলে হতাশ হয়ে হাত-পা গুটিয়ে নেবেন না। সঠিক পরিকল্পনাই ব্যবসায় সফলতার সন্ধান দেয়। আপৎকালীন সময়ে প্রয়োজনীয় পরিকল্পনা আবার ঘুরে দাঁড়াতে সহায়ক। সময় বাড়ার সঙ্গে আপৎকালীন পরিস্থিতিগুলো বিশ্লেষণের চেষ্টা করুন। সম্ভব হলে প্রতিষ্ঠানে একজন পরিকল্পনা প্রণয়নকারী নিয়োগ দিন। তিনি প্রতিষ্ঠানের ইতিবাচক বৈশিষ্ট্য, সম্পদ এবং প্রতিদ্বন্দ্বীদের সঙ্গে প্রতিযোগিতার কৌশলের পাশাপাশি প্রতিষ্ঠানের অভ্যন্তরীণ নেতিবাচক দুর্বলতা, কর্মীদের কর্মদক্ষতা ও অদক্ষতার কারণ খুঁজে বের করতে সাহায্য করবে। প্রতিষ্ঠানের সুযোগ-সুবিধা, কাজের পরিবেশ ও বাহ্যিক আকর্ষণ বাড়াতে চেষ্টা করুন, যা ব্যবসা প্রসারে ভূমিকা রাখে।

গ্রাহকের সন্তুষ্টি : গ্রাহক ছাড়া ব্যবসার সফলতা কল্পনা করা বোকামি। গ্রাহকের সন্তুষ্টির ওপর নজর দিতে হবে। সহজ প্রক্রিয়া ও কতটা আকর্ষণীয়ভাবে পণ্য ক্রেতার কাছে পৌঁছানো যায় ও ধারাবাহিকতা রক্ষা করা।

বকেয়া অর্থ আদায় : অর্থহীন প্রতিষ্ঠান হয় না। মন্দা অবস্থায় অর্থের চাহিদা ও প্রয়োজনীয়তা আরও বেশি। আপনার কাছে যদি টাকা না থাকে তবে প্রতিষ্ঠানের দরজা খোলা রাখা সম্ভব নয়। তাই ভয়ানক দিনে নগদ অর্থের জন্য পাওনাদারদের কাছ থেকে বকেয়া টাকা আদায় করুন। অতিরিক্ত ব্যয় বন্ধ করতে নানা পন্থা খুঁজে নিন।

সোশ্যাল মিডিয়ায় বিনিয়োগ : বিপণন পেশাদাররা বলেন, বর্তমানে সোশ্যাল মিডিয়ায় যদি অ্যাকটিভ না থাকেন তবে আপনি সফল হতে চেষ্টা করছেন না। ব্যবসার জন্য অনেকটা সত্য। কারণ যারা নেটওয়ার্কিং বৃদ্ধি, সময় প্রয়োগ করে সংযুক্ত থাকে, একটা পর্যায়ে তা সম্পদে পরিণত হয়। সোশ্যাল মিডিয়ায় আপনার লাখ লাখ সম্ভাব্য গ্রাহক ঘুরছে। যারা আপনার ব্যবসার সুদিন ফিরিয়ে আনতে পারবে।

ব্যবসায় উপদেষ্টা নিয়োগ : ব্যবসায়ে ব্যর্থতার অন্যতম কারণ হতে পারে মালিকের একগুঁয়ে স্বভাব বা ঠিকঠাক দায়িত্ব পালন থেকে বিরত থাকা। ব্যবসার খারাপ সময়ে একজন ব্যবসায়িক উপদেষ্টা নিয়োগ করতে পারেন। কারণ একজন ব্যবসায়িক উপদেষ্টা বিশ্ববাজারের একজন দক্ষ সফল উদ্যোক্তা।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত