গাইবান্ধা-৫ আসনে উপনির্বাচন কাল

মোটরসাইকেল চলাচলে ৭২ ঘণ্টার নিষেধাজ্ঞা

আপডেট : ০৩ জানুয়ারি ২০২৩, ০৬:২৬ এএম

আগামীকাল বুধবার গাইবান্ধা-৫ আসনের উপ-নির্বাচনে ভোটগ্রহণ করা হবে। এ উপনির্বাচনে কেন্দ্রেগুলোতে বিশেষ ব্যবস্থা নিচ্ছে নির্বাচন কমিশন (ইসি)। ঝুঁকিপূর্ণ কেন্দ্রে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ১৭ থেকে ১৮ জন সদস্য দায়িত্ব পালন করবেন। এছাড়া সাধারণ কেন্দ্রে ১৬ থেকে ১৭ জন মোতায়েন করা হবে। গতকাল সোমবার ইসির যুগ্মসচিব এসএম আসাদুজ্জামান এসব তথ্য জানান।

আসাদুজ্জআমান জানান, ভোটকেন্দ্র পাহারায় পুলিশ, অঙ্গীভূত আনসার ও গ্রাম পুলিশ ভোটের আগে-পরে চারদিনের জন্য মোতায়েন থাকবে। এছাড়া পুলিশ, এপিবিএন ও ব্যাটালিয়ন আনসারের ছয়টি ভ্রাম্যমাণ ও চারটি স্ট্রাইকিং ফোর্স ভোটের মাঠে থাকবে। অন্যদিকে চার প্লাটুন বিজিবি ও র‌্যাবের ৯টি টিম আইনশৃঙ্খলা রক্ষায় দায়িত্ব পালন করবে। এছাড়া ৯জন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও দুজন বিচারিক ম্যাজিস্ট্রেট ভ্রাম্যমাণ আদালত পরিচালনা ও সংক্ষিপ্ত বিচারকাজ সম্পন্ন করবেন।

 এদিকে উপনির্বাচনকে কেন্দ্র করে ভোটের এলাকায় তিন দিনের (৭২ ঘণ্টা) জন্য মোটরসাইকেল চলাচলের ওপর নিষেধাজ্ঞা দিয়েছে ইসি । গতকাল রাত ১২টা থেকে বৃহস্পতিবার রাত ১২টা পর্যন্ত এ নিষেধাজ্ঞা কার্যকর থাকবে। এছাড়া ট্রাক, পিকআপ ভ্যান চলাচল বন্ধ থাকবে ৩ জানুয়ারি রাত ১২ টা থেকে ৪ জানুয়ারি রাত ১২টা পর্যন্ত। তবে রিটার্নিং কর্মকর্তার অনুমতি সাপেক্ষে প্রার্থী ও তাদের নির্বাচনী এজেন্ট, দেশি-বিদেশি পর্যবেক্ষকদের ক্ষেত্রে এই নিষেধাজ্ঞা শিথিল থাকবে।

এছাড়া সাংবাদিক, নির্বাচনে নিয়োজিত কর্মকর্তা-কর্মচারী, আইনশৃঙ্খলা বাহিনী, পরিদর্শক, অ্যাম্বুলেন্স, ফায়ার সার্ভিস, বিদ্যুৎ, গ্যাস, ডাক, টেলিযোগাযোগ ইত্যাদি কাজের জন্য যানবাহন চলাচলে ওই নিষেধাজ্ঞা প্রযোজ্য হবে না। অন্যান্য জরুরি প্রয়োজনেও সংশ্লিষ্ট কর্র্তৃপক্ষ নিষেধাজ্ঞা শিথিলের জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নিতে পারবে।

এ উপনির্বাচনে মাহমুদ হাসান রিপন (আওয়ামী লীগ), এ এইচ এম গোলাম শহীদ রঞ্জু (জাতীয় পার্টি), অ্যাডভোকেট জাহাঙ্গীর আলম (বিকল্প ধারা), নাহিদুজ্জামান নিশাদ (স্বতন্ত্র) ও সৈয়দ মাহবুবুর রহমান (স্বতন্ত্র) প্রতিদ্বন্দ্বিতা করছেন।

সাঘাটা ও ফুলছড়ি দুটি উপজেলা নিয়ে এ সংসদীয় আসন গঠিত। এ আসনে ভোটার ৩ লাখ ৩৯ হাজার ৭৪৩ জন। এর মধ্যে ফুলছড়ির সাতটি ইউনিয়নে ১ লাখ ১৪ হাজার ৬৭৬ জন এবং সাঘাটার ১০টি ইউনিয়নে ২ লাখ ২৫ হাজার ৭০ জন।

গত ১২ অক্টোবর এ আসনের উপনির্বাচনে ব্যাপক অনিয়মের কারণে ভোটগ্রহণ বন্ধ করে দেয় ইসি। পরে ৪ জানুয়ারি ভোটের নতুন তারিখ দেয় সাংবিধানিক এই প্রতিষ্ঠানটি। জাতীয় সংসদের ডেপুটি স্পিকার ফজলে রাব্বি মিয়ার মৃত্যুতে গাইবান্ধা-৫ আসনটি শূন্য হয়।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত