আল আকসায় আতঙ্ক

আপডেট : ০৩ জানুয়ারি ২০২৩, ১১:০০ পিএম

মুসলিম ও ইহুদি, দুই ধর্মাবলম্বীদের জন্যই গুরুত্বপূর্ণ পবিত্র স্থান হিসেবে বিবেচিত আল আকসা মসজিদ ঐতিহাসিকভাবে বিবাদের বিষয়। দুই ধর্মাবলম্বীরাই এটিকে নিজেদের বলে দাবি করে। মসজিদ চত্বর মুসলিমদের কাছে হারাম-আল-শরিফ হিসেবে পরিচিত। ইহুদি ধর্মাবলম্বীরা আল আকসা মসজিদ ও তার আশপাশের অংশকে ‘টেম্পল মাউন্ট’ হিসেবে অভিহিত করে থাকে এবং তাদের জন্য এটি বিশ্বের সবচেয়ে পবিত্র স্থান। ক্ষমতায় এসেই আল আকসা মসজিদে দেখা গেল নেতানিয়াহু সরকারের তৎপরতা। আল আকসা প্রাঙ্গণ সফর করেছেন ইসরায়েলের উগ্র ডানপন্থি জাতীয় নিরাপত্তাবিষয়ক মন্ত্রী ইতামার বেন গাভির। তার এই পদক্ষেপকে দৃশ্যত ফিলিস্তিনিদের প্রতি একটি নজিরবিহীন উসকানি হিসেবে দেখা হচ্ছে। গতকাল মঙ্গলবার এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আলজাজিরা। প্রতিবেদনে বলা হয়, মঙ্গলবার কঠোর নিরাপত্তার মধ্য দিয়ে ইসরায়েলি মন্ত্রীকে মসজিদ কম্পাউন্ড পরিদর্শন করতে দেখা যায়।

এ ধরনের পদক্ষেপের বিষয়ে সতর্ক করেছেন খোদ ইসরায়েলের বিরোধীদলীয় নেতা এবং সাবেক প্রধানমন্ত্রী ইয়ার লাপিদ। তিনি বলেছেন, বেন গাভিরের এমন সফর নতুন করে সহিংসতার জন্ম দেবে। এদিকে ফিলিস্তিনি ভূখণ্ডে ইসরায়েলি দখলদারিত্বের বিষয়ে আন্তর্জাতিক বিচার আদালতের (আইসিজে) মতামত নেওয়ার ব্যাপারে জাতিসংঘ সাধারণ পরিষদের ভোটাভুটিকে ‘ঘৃণ্য’ কর্মকাণ্ড হিসেবে আখ্যায়িত করেছে ইসরায়েল। জাতিসংঘের সিদ্ধান্ত মানতে ইসরায়েল বাধ্য নয় বলে মন্তব্য করেছেন ইসরায়েলের নবনির্বাচিত প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। তিনি বলেছেন, ‘ইহুদি জনগোষ্ঠী তাদের নিজস্ব জমিতে কিংবা আমাদের চিরন্তন রাজধানী জেরুজালেমে কোনো দখলদার নয়। জাতিসংঘের কোনো প্রস্তাব এই ঐতিহাসিক সত্যকে বিকৃত করতে পারে না।’ সম্প্রতি তৃতীয়বারের মতো ইসরায়েলের প্রধানমন্ত্রীর দায়িত্ব গ্রহণ করেন বেনিয়ামিন নেতানিয়াহু। ৭৪ বছরের ইতিহাসে ইসরায়েলের সবচেয়ে কট্টর দক্ষিণপন্থি সরকারের নেতৃত্ব দিচ্ছেন তিনি। তার এই সরকারের অন্যতম অংশীদার বেন গাভিরের দল জিউইশ পাওয়ার। তিনি ইসরায়েলের সেই উগ্র ডানপন্থি গোষ্ঠীর একজন, যারা বিশ্বাস করেন যে ইসরায়েল একটি ইহুদি জাতীয়তাবাদী ও জায়নিস্ট রাষ্ট্র। তার বিরুদ্ধে জাতিগত বিদ্বেষ উসকে দেওয়া এবং সন্ত্রাসী সংগঠনকে সমর্থন করার অভিযোগসহ ফিলিস্তিনিদের বিরুদ্ধে সহিংসতা উসকে দেওয়ার সুনির্দিষ্ট আটটি অভিযোগ রয়েছে। এমনকি ইসরায়েলের কিরিয়াত আরবাতে নিজের বাড়িতে বেন-গাভির এই সেদিন পর্যন্ত বারুচ গোল্ডস্টিনের একটি ছবি ঝুলিয়ে রেখেছিলেন। বারুচ গোল্ডস্টিন ১৯৯৪ সালে হেব্রনের ইব্রাহিম মসজিদে নামাজরত ২৯ ফিলিস্তিনিকে খুন করেছিল। এখন ফিলিস্তিনিদের আশঙ্কা, নেতানিয়াহু-গাভিরের সরকার ফিলিস্তিনে আরও জবরদখল এবং ধর্মীয় বিদ্বেষপ্রসূত সহিংসতা নিয়ে আসবে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত