সাতক্ষীরার শ্যামনগরে দায়িত্বরত অবস্থায় গুলিবিদ্ধ হয়ে মো. পারভেজ আলম (৩০) নামে এক বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সদস্যের মৃত্যু হয়েছে। গতকাল মঙ্গলবার ভোরে নীলডুমুরে বিজিবি-১৭ ব্যাটালিয়নে এ ঘটনা ঘটে। পুলিশ বলছে, বিজিবি সদস্যের মৃত্যুর ঘটনায় বাহিনীটির পক্ষ থেকে সুস্পষ্ট করে কিছু জানানো হয়নি।
নিহত ল্যান্স নায়েক পারভেজ আলমের বাড়ি নোয়াখালীর সোনাইমুড়ি থানার আমকি গ্রামে।
বিজিবির বরাতে শ্যামনগর থানার ওসি নূরুল ইসলাম বাদল বলেন, মো. পারভেজ আলম বুকের বাম পাশে গুলিবিদ্ধ হয়ে মারা গেছেন। বিজিবি ধারণা করছে এটি আত্মহননে মৃত্যু। তবে এটি আত্মহত্যা নাকি অন্যকিছু তা তদন্ত করে দেখতে হবে।
তিনি আরও বলেন, ‘সহকর্মীরা গুরুতর আহত অবস্থায় পারভেজ আলমকে উদ্ধার করে শ্যামনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত মেডিকেল অফিসার ডা. নাজমুল হুদা তাকে মৃত ঘোষণা করেন। হাসপাতালে নেওয়ার অনেক আগেই তার মৃত্যু হয়েছে বলে চিকিৎসক নিশ্চিত করেন।’
বিজিবি সদস্যের মরদেহ সাতক্ষীরা সদর হাসপাতাল মর্গে পাঠিয়ে ময়নাতদন্ত করা হয়। তার মৃত্যুর ঘটনায় অপমৃত্যুর (ইউডি) মামলা করা হবে বলে জানান ওসি নূরুল ইসলাম।
মরদেহের ময়নাতদন্তকারী সদর হাসপাতালের চিকিৎসক আহমেদ আলী এবং আরেক চিকিৎসক তামিম হোসেন জানান, বুকের বাম পাশে গুলিবিদ্ধ হয়ে পারভেজ আলম মারা গেছেন।
তার মৃত্যুর বিষয়ে বক্তব্য জানতে বিজিবি-১৭ ব্যাটালিয়নের কমান্ডিং অফিসার (অধিনায়ক) লে. কর্নেল কামরুল হাসানের মোবাইল ফোনে একাধিকবার কল করা হলেও তিনি সাড়া দেননি।
