হিমেল হাওয়ায় কাঁপছে কুড়িগ্রামের মানুষ

আপডেট : ০৪ জানুয়ারি ২০২৩, ১০:৩৬ এএম

উত্তরের হিমেল হাওয়ায় কুড়িগ্রামে জনজীবনে নেমে এসেছে দুর্ভোগ। আকাশে ঘন মেঘে সূর্য ঢেকে থাকায় দিনের বেশিরভাগ সময় প্রাকৃতিক উষ্ণতাও পাচ্ছে না মানুষজন।

কুড়িগ্রাম আবহাওয়া পর্যবেক্ষণ কেন্দ্র জানায়, বুধবার (৪ জানুয়ারি) জেলার সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১১ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস। যা দিনে দিনে আরও কমতে পারে। আকাশে ঘন মেঘ কেটে গেলে তাপমাত্রা আরও নীচে নেমে আসতে পারে বলে জানায়, আবহাওয়া পর্যবেক্ষণ কেন্দ্র।

শীতবস্ত্রের অভাবে চরম কষ্টে দিন কাটছে জেলার হতদরিদ্র নিম্ন আয়ের মানুষসহ সকল অসহায় মানুষের। খরকুটো জ্বালিয়ে ঠান্ডা নিবারণের চেষ্টা করছেন অনেকে।

সদর উপজেলার পাঁচগাছী ইউনিয়নের মিল পাড়া এলাকার বেলাল হোসেন জানান, এই ঠান্ডায় ছোট ছোট দুইটা বাচ্চাকে নিয়ে খুবই সমস্যা পড়েছি। শীতকালে ঠিকমতো কাজ করতে না পারায় সংসার চালানো মুসকিল হয়ে পড়েছে। অভাবের সংসার ছেলেদের গরমের কাপড় কিনবো তাও পারছি না।

সদরের পাঁচগাছী ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান মো. আব্দুল বাতেন সরকার বলেন, এখন পর্যন্ত সরকারিভাবে ৫শ কম্বল বরাদ্দ পাইছি তা বিতরণ করা হয়েছে। কয়েকদিন থেকে প্রচুর ঠান্ডা অনেক মানুষ কম্বলের জন্য আসছে দিতে পারছি না।

জেলা প্রশাসন অফিস সূত্রে জানা গেছে, এখন পর্যন্ত সরকারিভাবে ৯ উপজেলায় ৩৮ হাজার কম্বল বিতরণ করা হলেও তা প্রয়োজনের তুলনায় অপ্রতুল।

কুড়িগ্রামের রাজারহাট আবহাওয়া পর্যবেক্ষণাগারের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা মো. তুহিন মিয়া জানান, আজ জেলায় সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১১ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস। আকাশে মেঘ রয়েছে। আগামী ২-৩ দিনের মধ্যে তাপমাত্রা কমে মৃদু শৈত্য প্রবাহ বয়ে যেতে পারে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত