বাংলাদেশের মানুষের স্মরণশক্তি কম: মেয়র লিটন

আপডেট : ০৪ জানুয়ারি ২০২৩, ০৬:২৩ পিএম

আওয়ামী লীগের সভাপতি মণ্ডলীর সদস্য ও রাজশাহী সিটি করপোরেশনের মেয়র এএইচএম খায়রুজ্জামান লিটন বলেছেন, ‘বাংলাদেশের মানুষের স্মরণশক্তি নানা কারণে কম। সে জন্য সব সময় তাদের বলতে হবে আমরা কী করলাম, শেখ হাসিনা কী করলেন? আওয়ামী লীগ কি করেছে, বঙ্গবন্ধু কী করেছেন, মুক্তিযুদ্ধ কারা করেছেন? যেগুলো ছাত্রলীগের মাধ্যমেই সবার মধ্যে ছড়িয়ে দিতে হবে।’

ছাত্রলীগের ৭৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানের উদ্বোধন শেষে বুধবার বেলা সাড়ে ১২টায় রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) কেন্দ্রীয় গ্রন্থাগারের পেছনে দলীয় টেন্টে সিটি মেয়র এসব বলেন। এর আগে জাতীয় পতাকা ও ছাত্রলীগের দলীয় পতাকা উত্তোলন এবং কেক কেটে কর্মসূচির উদ্বোধন করা হয়।

সিটি মেয়র বলেন, ‘ছাত্রলীগ বাংলাদেশের স্বাধীনতার প্রথম আলোকবর্তিকা হাতে নিয়ে দেশবাসীকে জাগ্রত করেছিল। এ ছাত্রলীগ তার জন্মের পর থেকে বাংলাদেশকে এত কিছু দিয়েছে যা এক কথায় বলে শেষ করা যাবে না। আজকের নানা পর্যায়ের নেতৃবৃন্দ যারা বিভিন্ন জায়গায় আছে তারা তাদের ক্যারিয়ার শুরু করেছিলেন ছাত্রলীগ থেকেই।’

তিনি আরো বলেন, ‘জননেত্রী শেখ হাসিনা যে ঘোষণা দিয়েছেন স্মার্ট বাংলাদেশের, আশা করি সেখানে ছাত্রলীগ অগ্রণী ভূমিকা পালন করবে। আশা করি আগামী ২০২৪ সালের নির্বাচনে আবার আওয়ামী লীগ ক্ষমতায় আসবে। স্মার্ট বাংলাদেশও দেশের মানুষ পেয়ে যাবে। যেমনভাবে পেয়ে গেছে পদ্মা সেতু, মেট্রোরেল। যেমনভাবে পেয়ে যাবে কর্ণফুলী টানেল এবং রূপপুরের পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রসহ অসংখ্য উন্নয়মূলক কাজ। এ কথাগুলো তৃণমূল পর্যায়ের মানুষের মধ্যে ছড়িয়ে দেবে ছাত্রলীগ।’

এর আগে বেলা ১২টায় দলীয় টেন্ট থেকে একটি আনন্দ র‌্যালি বের করেন নেতাকর্মীরা। ক্যাম্পাসের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে তারা বঙ্গবন্ধুর ম্যুরালে পুষ্পস্তবক অর্পণ করেন। সেখানে বঙ্গবন্ধুকে স্মরণ করে এক মিনিট নীরবতা পালন করা হয়।

তবে এ বছর প্রতিষ্ঠাবার্ষিকীর আয়োজন ছিল স্বল্প পরিসরে। প্রতি বছর এ দিনটিতে রক্তদান কর্মসূচি, পথ শিশুদের মাঝে শিক্ষা সামগ্রী ও গরিব-দুস্থদের মধ্যে খাবার বিতরণ করা হলেও এবার কিছু হয়নি।

অনুষ্ঠানে শাখা ছাত্রলীগের সাধারণ সম্পাদক ফয়সাল আহমেদ রুনুর সঞ্চালনায় বক্তব্য দেন শাখা সভাপতি গোলাম কিবরিয়া।

তিনি বলেন, ছাত্রলীগের প্রতিষ্ঠাবার্ষিকী আমাদের জন্য অত্যন্ত আনন্দের। দিবসটি উপলক্ষে আমরা বিভিন্ন কর্মসূচি পালন করেছি। এ ছাড়া জননেত্রী শেখ হাসিনার ডিজিটাল বাংলাদেশ গড়ার স্বপ্ন প্রায় শেষ। পরবর্তী স্মার্ট বাংলাদেশ গড়ার যে স্বপ্ন সেটি পূরণে আমরা দৃঢ়ভাবে কাজ করব।

প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শাখা ছাত্রলীগের সহসভাপতি কাজি আমিনুল হক লিংকন, মেসবাহুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক মেহেদী হাসান মিশু, প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক আসাদুল্লাহ হিল গালিব, উপ-ধর্মবিষয়ক সম্পাদক তাওহীদ দূর্জয়সহ বিশ্ববিদ্যালয়ের তিন শতাধিক নেতাকর্মী।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত