ব্রাহ্মণবাড়িয়া জেলা আইনজীবী সমিতির সভাপতিসহ আরও দুই আইনজীবীকে তলব করেছেন হাইকোর্ট। ব্রাহ্মণবাড়িয়ার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-১ এর এজলাসে হট্টগোল এবং বিচারককে গালিগালাজের অভিযোগ ওঠার প্রেক্ষিতে তাদের তলব করা হয়।
এই তিন আইনজীবী হলেন ব্রাহ্মণবাড়িয়া আইনজীবী সমিতির সভাপতি মো. তানভীর ভূঁইয়া, সম্পাদক (প্রশাসন) মো. আক্কাস আলী এবং আইনজীবী জুবায়ের ইসলাম।
বৃহস্পতিবার (৫ জানুয়ারি) বিচারপতি জে বি এম হাসান ও বিচারপতি রাজিক-আল-জলিলের হাইকোর্ট বেঞ্চে তাদের আচরণ সম্পর্কে ব্যাখ্যা দিতে ১৭ জানুয়ারি হাজির হওয়ার নির্দেশ দিয়েছেন।
ডেপুটি অ্যাটর্নি জেনারেল (ডিএজি) তুষার কান্তি রায় সংবাদমাধ্যমকে জানিয়েছেন, প্রধান বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকী ব্রাহ্মণবাড়িয়া আদালতের ঘটনা নিষ্পত্তির জন্য স্বপ্রণোদিত হয়ে বিচারপতি জে বি এম হাসানের নেতৃত্বাধীন হাইকোর্ট বেঞ্চে পাঠাতে নির্দেশ দেন।
তিনি বলেন, গত ২ জানুয়ারি তানভীর, আক্কাস ও জুবায়েরের নেতৃত্বে একদল আইনজীবী একটি মামলার জন্য ব্রাহ্মণবাড়িয়ার নারী ও শিশু নির্যাতন ট্রাইব্যুনাল-১ এর আদালতে যান। আইনজীবীরা ট্রাইব্যুনালের বিচারক মোহাম্মদ ফারুককে মামলার শুনানির জন্য বললে সময় শেষ হয়ে যাওয়ায় রাজি হননি।
বিচারকের প্রত্যাখ্যানের প্রতিবাদে আইনজীবীরা আদালত কক্ষে হৈ চৈ, বিশৃঙ্খলা সৃষ্টি করেন এবং জেলা ও দায়রা জজ মোহাম্মদ ফারুক এবং আদালতের কর্মকর্তাদের গালিগালাজ করেন। বিচারক এর পরিপ্রেক্ষিতে সুপ্রিম কোর্টের রেজিস্ট্রার জেনারেলের কাছে সিদ্ধান্ত চেয়ে চিঠি পাঠান।
তিনি আরও বলেন, ঘটনার ভিডিও ফুটেজসহ নথিপত্র সুপ্রিম কোর্টের রেজিস্ট্রার জেনারেলের কার্যালয়ে পাঠানো হয়েছে।
