বিএনপিত্যাগী উকিল সাত্তারের মনোনয়ন জমা

আপডেট : ০৬ জানুয়ারি ২০২৩, ০৫:৪৫ এএম

ব্রাহ্মণবাড়িয়া-২ (সরাইল-আশুগঞ্জ) আসনের উপ-নির্বাচনে প্রার্থিতা চেয়ে ১৩ জন মনোনয়নপত্র জমা দিয়েছেন। তাদের মধ্যে আছেন সদ্য বিএনপি থেকে পদত্যাগ করা সাবেক সংসদ সদস্য উকিল আব্দুস সাত্তার। গতকাল বৃহস্পতিবার মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ দিন ছিল।

সংরক্ষিত আসনের একজনসহ বিএনপির সংসদ সদস্য পদত্যাগ করায় আসনগুলো খালি হয়েছে। তাদের মধ্যে উকিল আবদুস সাত্তারও ছিলেন। এর মধ্যে ৬টি আসনে উপনির্বাচন আগামী ১ ফেব্রুয়ারি।

মনোনয়নপত্র দাখিলের শেষ দিনে ব্রাহ্মণবাড়িয়া ছাড়াও চাঁপাইনবাবগঞ্জের ২টি আসনে ১২ জন, বগুড়ার ২টি আসনে ২২ জন এবং ঠাকুরগাঁওয়ে একটি আসনে ৬ জন মনোনয়নপত্র জমা দিয়েছেন। প্রার্থিতা চেয়ে মনোনয়নপত্র দাখিল করা ব্যক্তিদের মধ্যে সংসদের বিরোধী দল জাতীয় পার্টি, আওয়ামী লীগ, বাংলাদেশের ওয়ার্কার্স পার্টি, জাতীয় সমাজতান্ত্রিক দলের (জাসদ) নেতা রয়েছেন।

ক্ষমতাসীন আওয়ামী লীগ ৩টি আসন নিজেদের জন্য রেখে দুটি আসন দলটির নেতৃত্বাধীন ১৪ দলীয় জোটের শরিক ওয়ার্কার্স পার্টি ও জাসদকে ছেড়ে দিয়েছে। অন্য আসন ব্রাহ্মণবাড়িয়া-২ উন্মুক্ত রাখা হয়েছে।

আমাদের ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি জানান, স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়নপত্র জমা দিয়েছেন বিএনপি’র সাবেক সংসদ সদস্য ও বিএনপির চেয়ারপারসনের সাবেক উপদেষ্টা (সদ্য পদত্যাগী) উকিল আবদুস সাত্তার ভূঁইয়া, জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক মাহবুবুল বারী চৌধুরী, জেলা আওয়ামী লীগে সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক ও কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক লীগের সাবেক সহসভাপতি মো. মঈন উদ্দিন,  জাতীয় পার্টির সাবেক সংসদ সদস্য জিয়াউল হক মৃধা, বাংলাদেশ শিক্ষক পরিষদের সাধারণ সম্পাদক ও কেন্দ্রীয় ছাত্রলীগের সাবেক সহসভাপতি অধ্যক্ষ শাহজাহান আলম, সরাইল উপজেলা যুবলীগের সাবেক সভাপতি মো. আশরাফ উদ্দিন, সরাইল উপজেলার চুন্টা গ্রামের বাসিন্দা আবদুর রহিম, আশুগঞ্জ উপজেলা পরিষদের সাবেক  চেয়ারম্যান ও উপজেলা বিএনপির সাবেক সভাপতি আবু আসিফ আহমেদ, মোহন মিয়া ও শাহ মফিজ। দলীয় প্রার্থীরা হলেন জাতীয় পার্টির যুগ্ম মহাসচিব আবদুল হামিদ ভাসানী, ন্যাশনাল পিপলস পার্টির (এনপিপি) মনোনীত মো. রাজ্জাক হোসেন এবং জাকের পার্টির জহিরুল ইসলাম।

জাতীয় পার্টি থেকে প্রথমে মনোনয়ন পান জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য রেজাউল ইসলাম ভূঞা (জিয়াউল হক মৃধার জামাতা)। জাতীয় পার্টি প্রার্থী পরিবর্তন করে আবদুল হামিদকে মনোনয়ন দেওয়ায় রেজাউল আর মনোনয়ন জমা দেননি।

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি জানান, চাঁপাইনবাবগঞ্জ-২ (নাচোল-গোমস্তাপুর- ভোলাহাট) আসনে ৬ জন ও চাঁপাইনবাবগঞ্জ-৩ (সদর) আসনে ৬ জন মনোনয়নপত্র দাখিল করেছেন।

চাঁপাইনবাবগঞ্জ-৩ (সদর) আসনে আওয়ামী লীগের জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুল ওদুদ, বহিষ্কৃত জেলা যুবলীগের সাবেক সভাপতি, স্বতন্ত্র প্রার্থী সামিউল হক লিটন, চাঁপাইনবাবগঞ্জ জেলা জাসদের সাধারণ সম্পাদক মনিরুজ্জামান মনির, এক সময়ের শিবির নেতা জাতীয় পার্টি মনোনীত মোস্তাফিজুর রহমান মুকুল, বাংলাদেশ ন্যাশনালিস্ট ফ্রন্ট বিএনএফের কামরুজ্জামান খান ও স্বতন্ত্র প্রার্থী তাহরিমা।

চাঁপাইনবাবগঞ্জ-২ আসনে আওয়ামী লীগের জেলা কমিটির ভারপ্রাপ্ত সভাপতি জিয়াউর রহমান, রাজশাহী জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান স্বতন্ত্র প্রার্থী মোহাম্মদ আলী সরকার, স্বতন্ত্র প্রার্থী আওয়ামী লীগ নেতা খুরশিদ আলম বাচ্চু, বিএনএফের নবীউল ইসলাম, জাতীয় পার্টির মোহাম্মদ আব্দুর রাজ্জাক ও জাকের পার্টির গোলাম মোস্তফা।

চাঁপাইনবাবগঞ্জ-৩ (সদর) থেকে বিএনপির সংসদ সদস্য হারুনুর রশীদ হারুন ও চাঁপাইনবাবগঞ্জ-২ (নাচোল-গোমস্তাপুর-ভোলাহাট) থেকে সংসদ সদস্য আমিনুল ইসলাম পদত্যাগ করায় আসন ২টি শূন্য ঘোষণা করা হয়।

বগুড়া প্রতিনিধি জানান, বগুড়া-৪ (কাহালু-নন্দীগ্রাম) আসনে মনোনয়নপত্র দাখিল করেছেন ৯ জন ও বগুড়া-৬ (সদর) আসনে মনোনয়নপত্র দাখিল করেছেন ১৩ জন।

এবারের উপনির্বাচনে রাজনৈতিক দলগুলোর প্রার্থীদের তুলনায় স্বতন্ত্র প্রার্থীর সংখ্যা বেশি। বগুড়া-৪ (কাহালু-নন্দীগ্রাম) আসনে স্বতন্ত্র প্রার্থী হয়েছেন ৫ জন ও বগুড়া-৬ (সদর) আসনে স্বতন্ত্র প্রার্থী হয়েছেন ৬ জন। মনোনয়নপত্র দাখিলকারীদের মধ্যে বগুড়া সদর আসনেই শুধু আওয়ামী লীগের প্রার্থী রয়েছেন।

বগুড়া-৪ আসনে যারা মনোনয়নপত্র জমা দিয়েছেন তারা হলেন জাসদের সাবেক সংসদ সদস্য এ কে এম রেজাউল করিম তানসেন, জাতীয় পার্টির শাহিন মোস্তফা কামাল, জাকের পার্টির আব্দুর রশিদ সরদার, বাংলাদেশ কংগ্রেসের প্রার্থী তাজ উদ্দীন ম-ল। স্বতন্ত্র প্রার্থীদের আশরাফুল হোসেন আলম (হিরো আলম) আছেন।

বগুড়া-৬ (সদর) আসনে আওয়ামী লীগের জেলা কমিটির সাধারণ সম্পাদক রাগেবুল আহসান রিপু, জাতীয় পার্টির সাবেক সংসদ সদস্য নুরুল ইসলাম ওমর, জাসদের ইমদাদুল হক ইমদাদ, জাকের পার্টির মোহাম্মদ ফয়সাল বিন শফিক, বাংলাদেশ খেলাফত আন্দোলনের নজরুল ইসলামসহ ১৩ জন মনোনয়ন চেয়েছেন। আলোচিত হিরো আলম এ আসনেও মনোনয়নপত্র জমা দিয়েছেন।

ঠাকুরগাঁও প্রতিনিধি জানান, ঠাকুরগাঁও-৩ (পীরগঞ্জ-রানীশংকৈল) আসনের উপ-নির্বাচনে ১৪ দলীয় জোট ও জাতীয় পার্টিসহ ৬ জন প্রার্থী মনোনয়নপত্র দাখিল করেছেন। তারা হলেন ১৪ দলীয় জোটের প্রার্থী ওয়ার্কার্স পার্টির অধ্যাপক ইয়াসিন আলী, বিএনএফের সিরাজুল ইসলাম জাকের পার্টির এমদাদ হোসেন, ন্যাশনাল পিপলস পার্টির (এনপিপি) সাফি আল আসাদ ও স্বতন্ত্র প্রার্থী অধ্যক্ষ গোপাল চন্দ্র রায়।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত