যুক্তরাষ্ট্রে পুলিশের গুলিতে বাংলাদেশি তরুণের মৃত্যু

আপডেট : ০৬ জানুয়ারি ২০২৩, ০৫:৪৭ এএম

যুক্তরাষ্ট্রে বাংলাদেশি এক তরুণকে গুলি করে হত্যা করেছে পুলিশ।

কর্র্তৃপক্ষ ও স্থানীয় গণমাধ্যমে প্রকাশিত তথ্যানুযায়ী, ২০ বছর বয়সী ওই তরুণের নাম সাঈদ ফয়সাল।  

স্থানীয় সময় বুধবার দুপুরে ম্যাসাচুসেটস অঙ্গরাজ্যে পুলিশের গুলিতে নিহত হন তিনি। পুলিশের দাবি, ওই তরুণ বড় একটি ছুরি হাতে ঘুরছিলেন। তাকে ছুরিটি ফেলে দিতে বলা হলেও সেটি না করায় পুলিশ গুলি চালায়।

যুক্তরাষ্ট্রের সংবাদমাধ্যম সিবিএস নিউজ জানিয়েছে, বড় একটি ছুরি হাতে এক ব্যক্তিকে বুধবার বিকেলে ম্যাসাচুসেটস অঙ্গরাজ্যের কেমব্রিজের এক পুলিশ অফিসার গুলি করেন। কেমব্রিজের চেস্টনাট স্ট্রিট এলাকায় ধাওয়া করে ধরার চেষ্টার পর এই ঘটনা ঘটে বলে পুলিশ জানিয়েছে। 

কেমব্রিজ পোর্টের একজন বাসিন্দা দুপুর সোয়া ১টার দিকে জরুরি সেবার ৯১১ নম্বরে ফোন করেন। ছুরি হাতে একজন ব্যক্তিকে ভবনের জানালা থেকে লাফিয়ে পড়তে দেখেছিলেন তিনি। সে সময় লোকটিকে ধারালো অস্ত্র দিয়ে নিজেকে আঘাত করতে দেখেন বলে জানান। পরে পুলিশ ঘটনাস্থলে এসে সিডনি স্ট্রিটের একটি বিল্ডিংয়ের পেছনে ফয়সালকে থামতে বলে। কিন্তু পুলিশের নির্দেশ না শুনে তিনি হাতে অস্ত্র নিয়ে সেখান থেকে দৌড়ে পালানোর চেষ্টা করেন। তদন্তকারী কর্মকর্তারা ধারালো ওই অস্ত্রকে লম্বা কুকরি ছুরি বলে উল্লেখ করেছেন। পরে চেস্টনাট স্ট্রিটে ফয়সাল ছুরি নিয়ে অফিসারদের দিকে এগিয়ে যান বলে অভিযোগ পুলিশের। একপর্যায়ে পুলিশ তাকে থামাতে চাইলেও ব্যর্থ হয় বলে জানিয়েছেন মিডলসেক্স ডিস্ট্রিক্ট অ্যাটর্নি মারিয়ান রায়ান। রায়ান আরও বলেন, ‘তিনি (ফয়সাল) একপর্যায়ে ছুরিটি নিয়ে অফিসারদের দিকে এগিয়ে গেলে কেমব্রিজের একজন অফিসার তাকে গুলি করেন।’

গুলি করার পর ইমার্জেন্সি মেডিকেল সার্ভিস (ইএমএস) ঘটনাস্থলে না আসা পর্যন্ত ফয়সালকে ঘটনাস্থলে থাকা অফিসাররা চিকিৎসা করেন। পরে তাকে হাসপাতালে নিয়ে যাওয়া হলে তার মৃত্যু হয়। কেমব্রিজ পুলিশ কমিশনার ক্রিস্টিন এলো বলেন, ‘আমাদের অফিসাররা বেশ কয়েকবার ওই ব্যক্তির সঙ্গে কথা বলার চেষ্টা করে ব্যর্থ হন। ওই যুবকের দেখা পাওয়ার পর তাকে নাগালে পেতে পাঁচটি ব্লকেরও বেশি এলাকায় চেষ্টা চালানো হয়। আমরা পরিস্থিতি শান্ত করার জন্য বেশ কয়েকবার চেষ্টা করেছি।’

এদিকে সাঈদ ফয়সালকে গুলি করা কর্মকর্তাকে ছুটিতে পাঠানো হয়েছে। গুলি ও নিহতের ঘটনায় তদন্ত করছে মিডলসেক্স ডিস্ট্রিক্ট অ্যাটর্নির অফিস।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত