চবিতে ছাত্রলীগের দুপক্ষের সংঘর্ষ আহত ৩

আপডেট : ০৬ জানুয়ারি ২০২৩, ০৬:২৩ এএম

শাটল ট্রেনে তুচ্ছ বিষয় নিয়ে দুজনের মধ্যে হাতাহাতিকে কেন্দ্র করে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) শাখা ছাত্রলীগের দুই গ্রুপের মধ্যে সংঘর্ষ হয়েছে। এতে উভয়পক্ষের অন্তত তিনজন নেতাকর্মী আহত হওয়ার খবর পাওয়া গেছে। চবি ছাত্রলীগের শাটল ট্রেনের বগিভিত্তিক সিক্সটি নাইন এবং ভার্সিটি এক্সপ্রেস (ভিএক্স) গ্রুপের মধ্যে গতকাল বৃহস্পতিবার রাত সাড়ে ৯টার দিকে বিশ্ববিদ্যালয় রেলস্টেশন এলাকায় এ সংঘর্ষ শুরু হয়। পরে তা সোহরাওয়ার্দী হল ও শাহজালাল হল পর্যন্ত গড়ায়।

সংঘর্ষে আহতরা হলেন ইসলামের ইতিহাস বিভাগের ২০১৯-২০ শিক্ষাবর্ষের মামুন, হিসাববিজ্ঞান বিভাগের ২০১৮-১৯ শিক্ষাবর্ষের মোহাম্মদ মানিক এবং উদ্ভিদবিদ্যা বিভাগের ২০১৭-১৮ শিক্ষাবর্ষের শাহপরান। এদের মধ্যে মামুন ও মানিক সিক্সটি নাইন গ্রুপের এবং শাহপরান ভিএক্স গ্রুপের কর্মী। শাহপরানের অবস্থা গুরুতর হওয়ায় তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। সংঘর্ষে জড়ানো দুই গ্রুপের নেতাকর্মীরাই সাবেক সিটি মেয়র আ জ ম নাছির উদ্দীনের অনুসারী বলে জানিয়েছেন ভিএক্স গ্রুপের নেতা প্রদীপ চক্রবর্তী দুর্জয়।

সিক্সটি নাইন গ্রুপের নেতা ইকবাল হোসেন টিপু বলেন, ‘বিশ্ববিদ্যালয় শাটল ট্রেনে দুই জুনিয়রের মধ্যে তুচ্ছ বিষয় নিয়ে প্রথমে কথা কাটাকাটি পরে হাতাহাতির ঘটনা ঘটে। এ খবর ক্যাম্পাসে ছড়িয়ে পড়লে উভয় গ্রুপের মধ্যে ধাওয়া-পাল্টাধাওয়ার ঘটনা ঘটে। বিষয়টি সমাধানের জন্য উভয় গ্রুপের নেতারা বৈঠকে বসেন।’

ভিএক্স গ্রুপের নেতা প্রদীপ চক্রবর্তী দুর্জয় রাত ১১টার দিকে দেশ রূপান্তরকে বলেন, ‘রাত সাড়ে ৯টার দিকে হাতাহাতিটা হয়েছে উভয় গ্রুপের দুই জুনিয়রের মধ্যে। এটা আসলে ভুল বোঝাবুঝি। শান্তিপূর্ণ উপায়ে বিষয়টি সমাধানের জন্য উভয় গ্রুপের নেতারা বসে আলোচনা করছি।’

সংঘর্ষের পর রাত সাড়ে ১১টায় এ প্রতিবেদন লেখার সময় চবির প্রক্টরিয়াল বডির অনুরোধে দুইপক্ষ নিরাপদ অবস্থানে ছিল বলে জানিয়েছেন বিশ্ববিদ্যালয় পুলিশ ফাঁড়ির দায়িত্বপ্রাপ্ত উপপরিদর্শক মিজানুর রহমান। ঘটনার পরে ক্যাম্পাসে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয় বলেও জানান তিনি।

এ পুলিশ কর্মকর্তা বলেন, ‘রেলস্টেশনে কোনো একটা বিষয় নিয়ে দুজনের মধ্যে মারামারি হয়। পরে তা ক্যাম্পাসে ছড়িয়ে পড়ে। উভয় গ্রুপের মধ্যে ধাওয়া-পাল্টাধাওয়া হয়েছে। ইটপাটকেলও ছুড়েছে।’

×
সর্বশেষ সর্বাধিক পঠিত