থানা হবে জনগণের সেবাপ্রাপ্তির ভরসাস্থল : আইজিপি

আপডেট : ০৬ জানুয়ারি ২০২৩, ০৬:২৮ এএম

পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) চৌধুরী আবদুল্লাহ আল-মামুন বলেছেন, বাংলাদেশ পুলিশের পেশাগত উৎকর্ষতা দিন দিন বাড়ছে। পুলিশের প্রতি জনগণের প্রত্যাশাও বেড়েছে। সমাজের সব শ্রেণির মানুষের প্রত্যাশা অনুযায়ী কাক্সিক্ষত সেবা পৌঁছে দিতে পুলিশ সদস্যদের সচেষ্ট থাকতে হবে। প্রতিটি থানা হবে জনগণের সেবা প্রাপ্তির ভরসাস্থল।

পুলিশ সপ্তাহ ২০২৩-এর তৃতীয় দিনে গতকাল বৃহস্পতিবার দুপুরে রাজারবাগ পুলিশ লাইনস মাঠে প্রধান অতিথি হিসেবে আইজি’জ ব্যাজ প্রদানকালে তিনি এসব কথা বলেন। এ সময় তিনি গত ১ জানুয়ারি-২০২২ থেকে ৩১ অক্টোবর-২০২২ পর্যন্ত শিল্ড প্যারেড প্রতিযোগিতা, অবৈধ আগ্নেয়াস্ত্র, মাদকদ্রব্য ও চোরাচালানপণ্য উদ্ধার অভিযানে কৃতিত্ব অর্জনকারী ইউনিটকে পুরস্কার প্রদান করেন। পরে অতিরিক্ত আইজিপি (প্রশাসন) ও প্যারেড উপকমিটির সভাপতি মো. কামরুল আহসান সবাইকে ধন্যবাদ জ্ঞাপন করেন।

আইজিপি বলেন, ‘বাংলাদেশ পুলিশের সাম্প্রতিক নিয়োগ, পদোন্নতি ও পদায়ন ইত্যাদি ক্ষেত্রে গৃহীত পদক্ষেপ সর্বমহলে ব্যাপক প্রশংসিত হয়েছে। এ কারণে সততা ও স্বচ্ছতার এ ধারা অব্যাহত রাখতে হবে। মাদক ও দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স নীতিতে বাংলাদেশ পুলিশ কাজ করছে। মাদক ও দুর্নীতির বিরুদ্ধে পুলিশের বর্তমান অবস্থান আরও দৃঢ় করতে হবে। পাশাপাশি জঙ্গিবাদ ও সন্ত্রাস দমনে পুলিশ বিশ্বে “রোল মডেল” হিসেবে নিজেদের মর্যাদা স্থাপন করতে সক্ষম হয়েছে।’

আইজিপি বলেন, পুলিশ সপ্তাহের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধানমন্ত্রীর দেওয়া ভাষণে উজ্জীবিত হয়ে প্রত্যেক পুলিশ সদস্যকে দায়িত্ব পালন করতে হবে এবং প্রধানমন্ত্রীর নেতৃত্বে স্মার্ট বাংলাদেশ গড়ে তোলার লক্ষ্যে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।

বিভিন্ন ক্ষেত্রে পুরস্কারপ্রাপ্তদের ধন্যবাদ জানিয়ে পুলিশপ্রধান বলেন, পুরস্কার সম্মান, গর্ব ও অহংকারের স্মারক। পুরস্কার ভবিষ্যতে আরও ভালো কাজ করার অনুপ্রেরণা জোগায়। নিজেদের কর্মস্পৃহাকে শানিত করে, অপারেশনাল কার্যক্রমে পেশাদারত্বের সঙ্গে প্রতিযোগিতামূলক মনোভাব নিয়ে দায়িত্ব পালন করতে হবে। আইজিপি বার্ষিক পুলিশ প্যারেডে দৃষ্টিনন্দন প্যারেড উপহার দেওয়ায় সবাইকে ধন্যবাদ জানান এবার কৃতিত্বপূর্ণ অবদানের জন্য ৪৫৮ জন পুলিশ সদস্যকে ‘পুলিশ ফোর্স এক্সেমপ্লারি গুড সার্ভিস ব্যাজ-২০২২ (আইজি’জ ব্যাজ)’ প্রদান করা হয়। আইজিপি তাদের ব্যাজ পরিয়ে দেন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত