আন্দোলনের মালিক দেশের মানুষ: আমীর খসরু

আপডেট : ০৬ জানুয়ারি ২০২৩, ০৯:০৪ পিএম

বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, হামলা, মামলা ও নেতাদের গ্রেপ্তারের মাধ্যমে আন্দোলনের গতিরোধ করা যাবে না। দেশের মানুষের হাতে রাষ্ট্রের মালিকানা ফিরিয়ে দেওয়ার জন্য বিএনপির আন্দোলন। এই আন্দোলনের মালিক দেশের মানুষ।

শুক্রবার (৬ জানুয়ারি) বিকেলে ১১ জানুয়ারির গণঅবস্থান কর্মসূচিকে সামনে রেখে চট্টগ্রাম বিভাগীয় বিএনপির প্রস্তুতি সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

আমীর খসরু বলেন, আওয়ামী লীগ চেয়েছিল বিএনপির শান্তিপূর্ণ সমাবেশকে বিশৃঙ্খলা করে দমিয়ে রাখতে। সেটা তারা পারেনি। আমরা সেখানে রাজনৈতিকভাবে তাদের পরাজিত করেছি। ১১ জানুয়ারি গণ অবস্থান কর্মসূচি থেকে একইভাবে শক্ত বার্তা যাবে। এই সরকারের বিদায়ের বার্তা দেওয়া হবে চট্টগ্রাম থেকে।

তিনি বলেন, শান্তিপূর্ণ কর্মসূচির মাধ্যমে এই ফ্যাসিস্ট সরকারকে বিদায় করতে চাই। তারা যদিও সহিংসতার দিকে নিয়ে যেতে চায়। কিন্তু জনগণের শক্তির সামনে কোনো শক্তি দাঁড়াতে পারবে না, আমরা জনগণের সেই শক্তি নিয়ে এগিয়ে যাচ্ছি।

তিনি আরও বলেন, অবস্থান কর্মসূচিকে অনেকে হালকা অনুষ্ঠান হিসেবে দেখে। এবারের অবস্থান কর্মসূচি ব্যতিক্রম করতে চাই। কারণ এটি শেখ হাসিনা পতনের কর্মসূচি। শান্তিপূর্ণ কর্মসূচি থেকে শক্ত বার্তা দিতে চাই।

বিএনপির এই শীর্ষ নেতা বলেন, পলোগ্রাউন্ডে আওয়ামী লীগের সভায় কী হয়েছে সবাই জানে। আমাদের প্রত্যেকটি অনুষ্ঠান আগের অনুষ্ঠান থেকে বড় হয়। প্রস্তুতিও নেওয়া হচ্ছে সেভাবে। ঢাকায় ১০ তারিখের জনসভায় যে পরিমাণ মানুষ হয়েছে। পরের ৩০ তারিখে এর চেয়ে বেশি মানুষ হয়েছে। ১১ তারিখের গণঅবস্থান কর্মসূচিতে আরও বেশি মানুষের সমাগম হবে- সেটা আমরা দেখিয়ে দিতে চাই।

প্রস্তুতি সভায় প্রধান বক্তার বক্তব্যে বিএনপির ভাইস চেয়ারম্যান মীর মোহাম্মদ নাসির উদ্দিন বলেন, বিএনপি কর্মী নির্ভর দল। আমরা অপেক্ষা করছি ওবায়দুল কাদের কখন লুঙ্গি ফেলে চলে যায়। আর দুয়েকটা মিটিংয়ের পর তাদেরকে চট্টগ্রামে অবাঞ্ছিত ঘোষণা করা হবে। তারা আসলে চট্টগ্রামে অশান্তি সৃষ্টি হবে, তাই আমরা তাঁদের অবাঞ্ছিত ঘোষণা করবো।

বিএনপির ভাইস চেয়ারম্যান মোহাম্মদ শাহজাহানের সভাপতিত্বে ও কেন্দ্রীয় বিএনপির সাংগঠনিক সম্পাদক মাহবুবের রহমান শামীমের সঞ্চালনায় সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন বিএনপির চেয়ারপার্সনের উপদেষ্টা এস এম ফজলুল হক। এতে অন্যান্যের মধ্যে চট্টগ্রাম মহানগর বিএনপির আহবায়ক ডা. শাহাদাত হোসেন, কেন্দ্রীয় বিএনপির শ্রম সম্পাদক এ এম নাজিম উদ্দিন, উপজাতি সম্পাদক ম্যা মা চিং, কক্সবাজার জেলা বিএনপির সভাপতি শাহজাহান চৌধুরী, চট্টগ্রাম মহানগর বিএনপির সদস্য সচিব আবুল হাশেম বক্কর, দক্ষিণ জেলা বিএনপির আহবায়ক আবু সুফিয়ান, কেন্দ্রীয় সহ সাংগঠনিক সম্পাদক জালাল উদ্দিন মজুমদার, কেন্দ্রীয় বিএনপির সদস্য উদয় কুসুম বড়ুয়া, মশিউর রহমান বিপ্লব, আবু তালেব, রাঙ্গামাটি জেলা বিএনপির সভাপতি দিপন তালুকদার, নোয়াখালী জেলা বিএনপি'র সাধারণ সম্পাদক এড. আব্দুর রহমান, উত্তর জেলা বিএনপির সি. যুগ্ম আহবায়ক এম এ হালিম, ফেনী জেলা বিএনপির সদস্য সচিব আলাল উদ্দিন আলাল, বান্দরবান জেলা বিএনপির সাধারণ সম্পাদক জাবেদ রেজা, খাগড়াছড়ি জেলা বিএনপির সাধারণ সম্পাদক এম এন আবছার, রাঙ্গামাটি জেলা বিএনপি'র সাধারণ সম্পাদক মামুনুর রশিদ মামুন প্রমুখ বক্তব্য রাখেন।

সভাপতির বক্তব্যে বিএনপির ভাইস চেয়ারম্যান মোহাম্মদ শাহাজাহান বলেন, আমাদের চলমান আন্দোলনে ইতিমধ্যে অনেকে শাহাদাত বরণ করেছেন। রক্তের এই প্রতিশোধ আমরা নেব। আগামী ১১ তারিখের কর্মসূচী সফল করার মধ্যে দিয়ে একটা বার্তা দিতে চাই, খালেদা জিয়াকে বাইরে রেখে এই সরকার নির্বাচন করতে পারবে না। আন্দোলন আমরা অনেকদিন করে আসছি। এবারে চূড়ান্ত আন্দোলন করে সরকার পতন ঘটানো হবে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত