বিশ্বের তৃতীয় ধনী বিড়াল সুইফটের

আপডেট : ০৭ জানুয়ারি ২০২৩, ১১:৪৬ পিএম

যুক্তরাষ্ট্রের জনপ্রিয় পপতারকা টেইলর সুইফট। সামাজিক যোগাযোগমাধ্যমের কল্যাণে তার বিড়ালদের নামও সবার জানা। সুইফটের ইন্সটাগ্রাম অ্যাকাউন্ট থেকে মাঝেমধ্যে দেখা মেলে তার বিড়ালদের। নিজেকে তিনি অলিভিয়া বেনসন, মেরেডিথ গ্রে ও বেঞ্জামিন বাটনের মা বলে পরিচয় দেন।

এবার তার বিড়াল অলিভিয়া বেনসনের জন্য তিনি হয়েছেন সংবাদপত্রের শিরোনাম। ‘অল অ্যাবাউট ক্যাটসের’ প্রতিবেদনে বলা হয়, টেলর সুইফটের বিড়াল অলিভিয়া বেনসন বিশ্বের তৃতীয় ধনী পোষাপ্রাণী হয়ে উঠেছে। বিড়ালটির সার্বিক সম্পদমূল্য ৯ কোটি ৭০ লাখ ডলার। প্রতিবেদনে বলা হয়, টেলর সুইফটের সঙ্গে অনেকগুলো মিউজিক ভিডিও, বিজ্ঞাপন ও বিভিন্ন ছবিতে অলিভিয়াকে ক্যামিও (অতিথি চরিত্র) উপস্থাপন করে এই সম্পদমূল্য তৈরি হয়েছে। ২০১৪ সালে নির্মিত ডায়েট কোকের বিজ্ঞাপনেও বিড়ালটিকে দেখা গেছে।

ইন্সটাগ্রামে পোষাপ্রাণীদের ছবি দিয়ে শেয়ার করা পোস্টগুলোর লাইক এবং পোস্টগুলো থেকে পাওয়া টাকার পরিমাণ পর্যবেক্ষণ করে অল অ্যাবাউট ক্যাটস তাদের প্রতিবেদনটি তৈরি করেছে। ২০২০ সালে বেনসনের সোফার বসে থাকার একটি ছবি পোস্ট করেছিলেন সুইফট, ওই ছবিতে লাইক পড়ে ২০ লাখের বেশি। স্কটিশ বিড়াল অলিভিয়া বেনসনকে ২০১৪ সালে টেলর সুইফট দত্তক নিয়েছিলেন। আমেরিকার ক্রাইম ড্রামা ‘ল অ্যান্ড অর্ডার : স্পেশাল ভিকটিম ইউনিট’-এর একটি চরিত্র অলিভিয়া বেনসনের নামানুসারে রাখেন বিড়ালটির নাম। টেলরের ইন্সটাগ্রাম প্রোফাইলে প্রায় প্রতিদিনই বিড়ালটিকে দেখা যায়।

এ তালিকায় সবচেয়ে ধনী পোষাপ্রাণীর খেতাব লাভ করেছে গুন্থার করপোরেশনের জার্মান শেফার্ড কুকুর ‘গুন্থার সিক্স’। এর মূল্য ৫০ কোটি ডলার। ২০০০ সালে পপসম্রাজ্ঞী ম্যাডোনার মিয়ামি ম্যানশন কিনে এই কুকুরের নামে নিবন্ধন করার পর বেশ শোরগোল পড়ে যায়। ওই বাড়িই ২ কোটি ৯০ লাখ ডলারে সম্প্রতি বিক্রি হয়। আর দ্বিতীয় ধনী পোষ্য বিড়ালের নাম নালা ক্যাট, যার দাম ১০ কোটি ডলার। ইন্সটাগ্রামে ৪০ লাখ অনুসরণকারী নিয়ে কিছুদিন আগেই নালা ক্যাট সর্বাধিক জনপ্রিয় বিড়ালের খেতাব জিতে গিনেজ ওয়ার্ল্ড রেকর্ডসে নাম লিখিয়েছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত