ভারতের উত্তরাখণ্ড রাজ্যের চামোলি জেলার জোশিমঠ শহরের বহু এলাকা দেবে যাচ্ছে, এতে ঘর-বাড়িসহ সরকারি-বেসরকারি ভবন, মহাসড়কসহ নানা অবকাঠামোতে ফাটল তৈরি হয়েছে। এ পরিস্থিতিতে কর্র্তৃপক্ষ শহরটির প্রায় ২০০ বাসিন্দাকে ঘরবাড়ি থেকে সরিয়ে নিয়েছে বলে গতকাল শনিবার এক কর্মকর্তা জানিয়েছেন।
হিমালয় কোলের এই শহর ও এর আশপাশে জলবিদ্যুৎ প্রকল্পসহ বড় ধরনের নির্মাণকাজ চলার কারণে এলাকাটি দেবে যেতে পারে, কয়েক বছর ধরেই বিশেষজ্ঞরা এমন সতর্কতা জানিয়ে আসছিলেন বলে জানিয়েছে রয়টার্স।
চামোলির জেলা কর্মকর্তা হিমাংশু খুরানা জানান, সম্প্রতি জোশিমঠের ছয়শরও বেশি বাড়িতে ফাটল দেখা দেওয়ার পর স্থানীয় কর্র্তৃপক্ষ ১৯৩ জন বাসিন্দাকে হোটেল ও গেস্ট হাউজসহ বিভিন্ন নিরাপদ স্থানে সরিয়ে নিয়েছে।
২০২১ সালে চামোলি জেলায় হড়কা বানে দুই শতাধিক মানুষের মৃত্যু হয় এবং দুটি জলবিদ্যুৎ প্রকল্প ভেসে যায়। ওই সময়ই জলবায়ু পরিবর্তন ও বিশ্বের সর্বোচ্চ পর্বতের ওপর এর প্রভাব নিয়ে কাজ করা কিছু বিজ্ঞানী পরিস্থিতি নিয়ে হুঁশিয়ার করেছিলেন।
