বিএনপি দমনে মাঠে নেমেছে দুদক : মোশাররফ

আপডেট : ০৮ জানুয়ারি ২০২৩, ০৬:৪৩ এএম

দুর্নীতি দমন কমিশন (দুদক) বিএনপি দমন কমিশনে পরিণত হয়েছে বলে অভিযোগ করেছেন বিএনপির স্থায়ী কমিটির জ্যেষ্ঠ সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন। তিনি বলেন, ‘আওয়ামী লীগ সরকার বিরোধীদলীয় নেতাকর্মীদের ওপর দমন-নিপীড়ন চালিয়েও আন্দোলন ও জনস্রোত ঠেকাতে পারছে না। এ অবস্থায় ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও তার স্ত্রীর বিরুদ্ধে ষড়যন্ত্রমূলকভাবে মিথ্যা মামলায়রায় দিয়ে নেতাকর্মী ও জনসাধারণের মনোবল নষ্ট করতে চায়। সরকারের ইন্ধনে বিরোধী দল বিএনপি দমনে মাঠে নেমেছে দুদক।’

গতকাল শনিবার রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।

খন্দকার মোশাররফ বলেন, ‘দুদক যেন আজ বিএনপি দমন কমিশনে পরিণত হয়েছে। আশ্চর্যজনক হলেও সত্য যে, যে সব সম্পত্তির মালিক তারেক রহমান নন, কোনো দলিলে বা চুক্তিতে যেখানে তার নাম, স্বাক্ষর বা সংশ্লিষ্টতা নেই, তাকে সেসব সম্পত্তির গায়েবি মালিক বানিয়ে মিথ্যা মামলা করা হয়েছে। এমনকি তারেক রহমান ও ডা. জোবাইদা রহমানের কর পরিশোধকৃত সম্পদ নিয়েও কাল্পনিক অভিযোগে মামলা করা হয়েছে।’

গত ৫ জানুয়ারি বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও তার স্ত্রী ডা. জোবাইদা রহমানের স্থাবর-অস্থাবর সম্পত্তি ক্রোক করার আদেশ দেয় আদালত। এর প্রতিবাদে গত বৃহস্পতিবার নয়াপল্টনে বিক্ষোভ মিছিল করেন ছাত্রদল, যুবদল ও  স্বেচ্ছাসেবক দলের নেতাকর্মীরা।

এদিকে গতকাল সংবাদ সম্মেলনের পর দুপুরে নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেন ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির নেতাকর্মীরা। বিকেলে বিক্ষোভ মিছিল করেন ঢাকা মহানগর উত্তর বিএনপির নেতাকর্মীরা। এতে উত্তর বিএনপির আহ্বায়ক আমান উল্লাহ আমান, সদস্য সচিব আমিনুল হক, কেন্দ্রীয় ভারপ্রাপ্ত দপ্তর সম্পাদক সৈয়দ এমরান সালেহ প্রিন্স, সাংগঠনিক সম্পাদক আব্দুস সালাম আজাদ, সহ-দপ্তর সম্পাদক তাইফুল ইসলাম টিপুসহ মহানগর উত্তর বিএনপির নেতাকর্মীরা অংশ নেন।

এর বাইরে বিএনপি সমর্থক পেশাজীবীদের সংগঠন বাংলাদেশ সম্মিলিত পেশাজীবী পরিষদ (বিএসপিপি) এবং বিএনপি সমর্থক চিকিৎসকদের সংগঠন ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ড্যাব) গণমাধ্যমে বিবৃতি পাঠিয়েছে।

সারা বাংলাদেশ তারেক রহমানের সম্পত্তি- টুকু : বিকেলে ঢাকা মহানগর উত্তর বিএনপির উদ্যোগে আয়োজিত সমাবেশে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ইকবাল হাসান মাহমুদ টুকু অভিযোগ করে বলেছেন, ‘আদালত কর্র্তৃক সম্পত্তি বাজেয়াপ্তের আদেশ সম্পূর্ণ ষড়যন্ত্রমূলক। তারেক রহমানের সম্পত্তি মানে সারা বাংলাদেশ। সম্পত্তি বাজেয়াপ্ত করে বিএনপির আন্দোলন থামানো যাবে না। রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিতভাবে এ রায় দেওয়া হয়েছে।’

আ. লীগ সরকার তারেক রহমানকে ভয় পায়- গয়েশ্বর : গতকাল দুপুরে নয়াপল্টনে ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির উদ্যোগে আয়োজিত প্রতিবাদ সমাবেশে বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায় বলেছেন, ‘আওয়ামী লীগ সরকার তারেক রহমানের নেতৃত্বকে ভয় পায়। সরকার লুটপাটের মাধ্যমে দেশকে শূন্য করেছে। আর এখন তারেক রহমানের প্রতি তাদের রাগ। কারণ তিনি দেশে না থেকেও দেশবাসীকে জাগ্রত করেছেন। তার নেতৃত্বে সৃষ্ট গণজাগরণে সরকার আতঙ্কিত।’

ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির ভারপ্রাপ্ত আহ্বায়ক নবীউল্লাহ নবীর সভাপতিত্বে ও সদস্য সচিব রফিকুল আলম মজনুর পরিচালনায় সমাবেশে বক্তব্য দেন বিএনপির সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট আবদুস সালাম আজাদ, স্বেচ্ছাসেবকবিষয়ক সম্পাদক মীর সরফত আলী সপু, মহানগর দক্ষিণ বিএনপির লিটন মাহমুদ, আ ন ম সাইফুল ইসলাম, যুবদলের গোলাম মাওলা শাহিন প্রমুখ। পরে একটি বিক্ষোভ মিছিল বের হয়। মিছিলটি কাকরাইলের নাইটিঙ্গেল মোড় ঘুরে নয়াপল্টনে এসে শেষ হয়। মিছিলে ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির মনির হোসেন চেয়ারম্যানসহ ছাত্রদল, যুবদল এবং অন্যান্য সংগঠনের হাজারো নেতাকর্মী যোগ দেন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত