১৭ দলের নতুন জোট ‘গণতন্ত্র বিকাশ মঞ্চ’ নেতৃত্বে এনপিপি

আপডেট : ০৮ জানুয়ারি ২০২৩, ০৬:৪৪ এএম

১৭টি রাজনৈতিক দল নিয়ে ‘গণতন্ত্র বিকাশ মঞ্চ’ নামে নতুন একটি নির্বাচনী জোট আত্মপ্রকাশ করেছে। গতকাল শনিবার জাতীয় প্রেস ক্লাবের আব্দুস সালাম হলে সংবাদ সম্মেলন করে আনুষ্ঠানিকভাবে নতুন এ জোটের ঘোষণা দেওয়া হয়। ন্যাশনাল পিপলস পার্টির (এনপিপি) নেতৃত্বাধীন এই জোট সংবিধান অনুযায়ী আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশ নেবে বলে জানানো হয়। নতুন জোটের দলগুলো হলো ন্যাশনাল পিপলস পার্টি (এনপিপি), জাতীয় গণতান্ত্রিক পার্টি (জাগপা), ন্যাশনাল আওয়ামী পার্টি-ন্যাপ ভাসানী, ডেমোক্রেটিক পার্টি বাংলাদেশ (ডিপিবি), বাংলাদেশ ইসলামী ঐক্য ফ্রন্ট, বাংলাদেশ গণতান্ত্রিক আন্দোলন-বিজিএ, বাংলাদেশ মানবাধিকার আন্দোলন, বাংলাদেশ নাগরিক কল্যাণ পার্টি, বাংলাদেশ কনজারভেটিভ পার্টি (বিসিপি), গণমুক্তি পার্টি, বাংলাদেশ পল্লী উন্নয়ন পার্টি, বাংলাদেশ ন্যায় বিচার পার্টি, ইসলামিক ডেভেলপমেন্ট পার্টি, বাংলাদেশ জাতীয় লীগ, বাংলাদেশ শ্রমিক কল্যাণ পার্টি, বাংলাদেশ আইডিয়াল পার্টি এবং বাংলাদেশ জনকল্যাণ পার্টি।

সংবাদ সম্মেলনে এনপিপির চেয়ারম্যান শেখ ছালাউদ্দিন ছালু লিখিত বক্তব্যে বলেন, “এনপিপি একটি নির্বাচনমুখী দল। আমরা মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাস করি। আমরা সাম্প্রদায়িক সম্প্রীতিতে বিশ্বাস করি। আমরা শান্তির রাজনীতিতে বিশ্বাস করি। আমরা দেশের উন্নয়নে বিশ্বাস করি। মৌলিক অধিকার রক্ষায় বিশ্বাস করি। ২০২৪ সালের জানুয়ারি মাসে সংবিধান অনুযায়ী জাতীয় সংসদ নির্বাচন হবে। সেই নির্বাচনকে সামনে রেখে ১৭টি দল নিয়ে আমরা একটি নির্বাচনী জোট করলাম। যার নাম ‘গণতন্ত্র বিকাশ মঞ্চ’। গণতন্ত্র বিকাশ মঞ্চের লক্ষ্য ও উদ্দেশ্য দেশের রাজনৈতিক গুণগত মানের পরিবর্তন করা। গণতন্ত্র বিকাশ মঞ্চ চায় সুষ্ঠু ধারার রাজনীতি, সম্প্রীতির রাজনীতি, সাম্যের রাজনীতি, দুর্নীতি ও মাদকবিরোধী রাজনীতি। আগামী নির্বাচনে আমরা ৩০০ আসনে অংশগ্রহণ করব।”

সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন এনপিপির মহাসচিব মো. ইদ্রিস চৌধুরী, সিনিয়র প্রেসিডিয়াম সদস্য মো. আব্দুল হাই মণ্ডল, জাগপা সভাপতি এ কে এম মহিউদ্দিন আহাম্মেদ বাবলু, ন্যাশনাল আওয়ামী পার্টি-ন্যাপ ভাসানীর চেয়ারম্যান মো. আব্দুল হাই সরকার, ডিপিবির চেয়ারম্যান অ্যাডভোকেট জাহাঙ্গীর হোসেন খান, বাংলাদেশ ইসলামী ঐক্য ফ্রন্টের সভাপতি মুফতি হাবিবুর রহমান হাওলাদার, বাংলাদেশ মানবাধিকার আন্দোলনের সভাপতি খাজা মহিবউল্যাহ শান্তিপুরী, বাংলাদেশ নাগরিক কল্যাণ পার্টির চেয়ারম্যান মো. শহীদুন্নবী ডাবলু, বাংলাদেশ গণতান্ত্রিক আন্দোলন-বিজিএ’র চেয়ারম্যান এ আর এম জাফরুল্লাহ চৌধুরী, বিসিপি চেয়ারম্যান মো. আনিসুর রহমান, বাংলাদেশ জাতীয় লীগের চেয়ারম্যান মো. হারুন অর রশিদ, বাংলাদেশ পল্লী উন্নয়ন পার্টির চেয়ারম্যান কাজী জহিরুল ইসলাম মনি প্রমুখ।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত