বগুড়ায় ক্ষুদ্র নৃগোষ্ঠীর সঙ্গে সংঘর্ষ, আহত ৫০

আপডেট : ০৯ জানুয়ারি ২০২৩, ০৬:৪২ এএম

বগুড়ার শেরপুরে ক্ষুদ্র নৃগোষ্ঠীদের সঙ্গে গ্রামবাসীর সংঘর্ষে উভয়পক্ষের অন্তত অর্ধশত ব্যক্তি আহত হয়েছেন। এর মধ্যে গুরুতর ২০ জনকে স্থানীয় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ও বগুড়ায় শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে। গতকাল রবিবার দুপুরে উপজেলার ভবানীপুর ইউনিয়নের আম্বইল গ্রামে এই ঘটনা ঘটে।

সংঘর্ষে গুরুতর আহতরা হলেন আম্বইল গ্রামের নুরুন্নবী সরকার, একই গ্রামের আবু সাঈদ, ফজলুল হক, জুয়েল সরকার, নুর হোসেন, আব্দুল বারিক, জসিম উদ্দিন সরকার, হায়দার আলী, মিলন সরকার, ফারুক হোসেন, আসফদৌল্লা খান, টুটুল মিয়া, নাদু সিং, প্রদীপ সিং, জাম্পু মেম্বার, জিরেন সিং, শান্ত সিং, রফিক মেম্বার, সন্তোষ সিং, গজেন সিং, নয়ন সিং, অর্জন সিং, কৃষ্ণ সিং, পরী সিং, সুকুমার সিং, সোহানা সিং ও দিলীপ সিং।

জানা যায়, দীর্ঘদিন ধরে উপজেলার ভবানীপুর ইউনিয়নের আম্বইল মৌজায় শতবিঘা জমির মালিকানা নিয়ে স্থানীয় ক্ষুদ্র নৃগোষ্ঠী ও চার গ্রামবাসীর মধ্যে বিরোধ চলে আসছে। এমনকি ওইসব জমির দখলকে কেন্দ্র করে আদালতে একাধিক মামলাও বিচারাধীন। এর মধ্যে বিবদমান চার বিঘা জমি সোলায়মান আলী মাস্টার নিজের মালিকানা দাবি করে বসেন। এমনকি ওইসব জমিতে রবিবার সকালে তিনি গ্রামের লোকজন নিয়ে বোরো ধানের চারা লাগাতে শুরু করেন। আর এ খবর পেয়ে ক্ষুদ্র নৃগোষ্ঠীর লোকজন সংঘবদ্ধ হয়ে তাদের বাধা দেন। পরে উভয়পক্ষের মধ্যে শুরু হয় সংঘর্ষ। পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। সেই সঙ্গে আহতদের উদ্ধার করে চিকিৎসার জন্য হাসপাতালে পাঠিয়ে দেয়।

শেরপুর থানার ওসি আতাউর রহমান খোন্দকার বলেন, ‘সংঘর্ষের খবর পেয়েই ঘটনাস্থলে যাই এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে আনি। সেই সঙ্গে উভয়পক্ষকে শান্ত করে আহতদের উদ্ধার করে চিকিৎসার জন্য হাসপাতালে পাঠিয়ে দেওয়া হয়। বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। এ ছাড়া কোনো পক্ষই লিখিত অভিযোগ করেনি। অভিযোগ পেলে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।’

×
সর্বশেষ সর্বাধিক পঠিত