ভারতের রাজধানী দিল্লিতে পুলিশের ওপর হামলা চালিয়েছে আফ্রিকার বিভিন্ন দেশের প্রায় ১০০ নাগরিক। গতকাল রবিবার দিল্লির নেব সেরাইয়ের রাজু পার্ক এলাকায় এ ঘটনা ঘটে। হামলাকারীরা সবাই ওই এলাকায় বসবাস করেন বলে জানা গেছে।
ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি এক প্রতিবেদনে জানায়, নেব সেরাই এলাকায় উল্লেখযোগ্যসংখ্যক আফ্রিকান নাগরিক ভিসার মেয়াদ শেষ হওয়ার পরও বসবাস করছে। এদের বিরুদ্ধে মাদক কারবার ও সহিংসতার অভিযোগ রয়েছে। এসব অভিযোগের ভিত্তিতে রবিবার দিল্লি পুলিশের মাদকবিরোধী শাখার সদস্যরা সেখানে অভিযান চালায়। অভিযানে তিন নাইজেরিয়ান নাগরিককে আটক করা হয়। কিন্তু আটকদের থানায় নিয়ে যাওয়ার সময় সেখানে উপস্থিত অন্যান্য আফ্রিকান পুলিশের ওপর হামলা চালায়। প্রথমে প্রায় ১০০ আফ্রিকান পুলিশ সদস্যদের ঘিরে ধরে। পরে তারা পুলিশের সঙ্গে ধস্তাধস্তিতে জড়িয়ে পড়ে। এর এক ফাঁকে আটক তিনজনের মধ্যে দুজন পালিয়ে যায়।
পরে রাজু পার্ক এলাকায় আবারও অভিযান চালায় পুলিশ। সে সময় এক নারীসহ আরও চারজনকে আটক করা হয়। এবারও প্রায় ১৫০-২০০ আফ্রিকান পুলিশের সঙ্গে ধস্তাধস্তিতে জড়িত হয়। তবে শেষ পর্যন্ত পুলিশ তাদের প্রতিহত ও আটক করে সবাইকে থানায় নিয়ে আসতে সমর্থ হয়। দিল্লি পুলিশের পক্ষ থেকে জানানো হয়, যেসব বিদেশির ভিসার মেয়াদ শেষ হয়ে গেছে, তাদের সবাইকে দ্রুত সময়ের মধ্যে নিজ দেশে ফেরত পাঠানো হবে। এরই মধ্যে সে প্রক্রিয়া শুরু হয়েছে।
