বিপিএলে ক্যারিবীয় কিংবদন্তি কার্টলি অ্যামব্রোস

আপডেট : ০৯ জানুয়ারি ২০২৩, ০৩:১২ পিএম

বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) ধারাভাষ্য দিতে এসেছেন ওয়েস্ট ইন্ডিজের কিংবদন্তি ফাস্ট বোলার কার্টলি অ্যামব্রোস।

মিরপুর শেরে বাংলা জাতীয় স্টেডিয়ামে সোমবার দিনের প্রথম ম্যাচে মুখোমুখি হয়েছে কুমিল্লা ভিক্টোরিয়ানস ও সিলেট স্ট্রাইকার্স। এ ম্যাচের আগে মাঠে আলো ছড়াতে দেখা গেছে অ্যামব্রোসকে। ম্যাচের আগের বিশ্লেষণ করার জন্য মাঠে নেমেছিলেন তিনি।

এ সময় সিলেট অধিনায়ক মাশরাফী বিন মোর্ত্তজাসহ বেশ কজন ক্রিকেটারের সঙ্গে কথা বলতে দেখা যায় অ্যামব্রোসকে।

৫৯ বছর বয়সী অ্যামব্রোস অবশ্য ধারাভষ্যকার হিসেবে খুব জনপ্রিয় কেউ নন। তবে ক্যারিবিয়ান ক্রিকেটে ইদানিং তিনি নিয়মিতই ধারাভাষ্য দিচ্ছেন। গত জুন-জুলাইয়ে বাংলাদেশের ওয়েস্ট ইন্ডিজ সফরেও ধারাভাষ্যকার হিসেবে ছিলেন অ্যামব্রোস।

ওই সফরে টেস্ট ও টি-টোয়েন্টি সিরিজ হারলেও ওয়ানডেতে ক্যারিবিয়ানদের হোয়াইটওয়াশ করে বাংলাদেশ।

আগের দিন বিসিবির ভিডিও বার্তায় অ্যামব্রোস বলেছেন, ‘ধারাভাষ্য আমি উপভোগ করি। তাই দারুণ কিছু সময় কাটানোর অপেক্ষায় আছি।’

বিশ্ব ক্রিকেটের সর্বকালের সেরা ফাস্ট বোলারদের একজন মানা হয় অ্যামব্রোসকে। ৯৮ টেস্ট ও ১৭৬ ওয়ানডে খেলেছেন তিনি। নামের পাশে যথাক্রমে ৪০৫ ও ২২৫ উইকেট তার।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত