জিদানের কাছে ক্ষমা চাইল ফ্রেঞ্চ ফুটবল ফেডারেশন

আপডেট : ০৯ জানুয়ারি ২০২৩, ০৮:০৩ পিএম

বিশ্বকাপের পর ফ্রান্স জাতীয় দলের কোচ হওয়ার গুঞ্জন ছিল জিনেদিন জিদানের। তিনি নিজেও আগ্রহ প্রকাশ করেছিলেন। তবে আপাতত সেটা হচ্ছে না। দিদিয়ের দেশমের সঙ্গে চুক্তির মেয়াদ বাড়িয়েছে ফ্রেঞ্চ ফুটবল ফেডারেশন (এফএফএফ)।

দেশমের সঙ্গে চুক্তি করার পর জিদানকে নিয়ে বিরূপ মন্তব্যও করেছেন এফএফএফ সভাপতি। নোয়েল লা গ্রায়েত। কিংবদন্তি ফুটবলারকে নিয়ে গ্রায়েতের সেই মন্তব্যে ক্ষোভ প্রকাশ করেন ফ্রান্সের বর্তমান ও সাবেক খেলোয়াড়েরা। গ্রায়েতকে জিদানের কাছে ক্ষমা চাইতে বলেন ফ্রান্সের ক্রীড়ামন্ত্রী এমিলি ওদিয়া–কাস্তেরা।

চারদিক থেকে তোপের মুখে পড়ে অবশেষে জিদানের কাছে ক্ষমা চেয়েছেন গ্রায়েত। ৮১ বছর বয়সী এই ফুটবল–কর্মকর্তা আজ বলেন, ‘মন্তব্যগুলোর জন্য আমি ক্ষমাপ্রার্থনা করছি। যে মন্তব্যগুলোতে আমার দৃষ্টিভঙ্গির প্রতিফলন ছিল না, খেলোয়াড় ও কোচ বিষয়ে বিবেচনাও ছিল না।’

সর্বশেষ তিন বিশ্বকাপে ফ্রান্স জাতীয় দলের কোচ ছিলেন দেশম। ফরাসি ফুটবল অঙ্গনে গুঞ্জন ছিল, জিদানকে কোচ করতে পারে এফএফএফ। ফ্রান্সের হয়ে ১৯৯৮ বিশ্বকাপ জেতা জিদান সর্বশেষ কোচিং করিয়েছেন রিয়াল মাদ্রিদে। ২০২১ সালের মে মাসে স্বেচ্ছায় মাদ্রিদ ছেড়ে আসার পর অন্য কোথাও যোগ দেননি তিনি।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত