প্রেমিকার জন্য বন্ধুত্বে চিড়

আপডেট : ১০ জানুয়ারি ২০২৩, ১২:৩৪ এএম

অনেক দিন ধরেই শোনা যাচ্ছিল, বলিউডের দুই তারকা সিদ্ধার্থ মালহোত্রা ও কিয়ারা আদভানির বিয়ের গুঞ্জন। অবশেষে এই গুঞ্জন সত্য করে আগামী মাসেই বিয়ের পিঁড়িতে বসতে চলেছেন তারা। কিন্তু বিয়ের আগেই তাদের মধ্যে শুরু হয় মনোমালিন্য। আর এর কারণ বলিউডের আরেক অভিনেতা। তিনি হলেন বরুণ ধাওয়ান। শ্যুটিংয়ে কিয়ারাকে চুমু খেয়েছেন বরুণ। এতেই নাকি ক্ষিপ্ত হয়েছেন সিদ্ধার্থ। অভিনয় জগতে গল্পের প্রয়োজনে অভিনেতা-অভিনেত্রীরা প্রায়ই ঘনিষ্ঠ দৃশ্যে অভিনয় করেন। এটা এখন আর তেমন কোনো বড় বিষয় নয়। তাহলে সিদ্ধার্থ খেপলেন কেন? জানা গেছে, চিত্রনাট্যে চুমুর কোনো দৃশ্য ছিল না। ঘনিষ্ঠ দৃশ্য শ্যুটের সময় চিত্রনাট্যের বাইরে গিয়ে কিয়ারার গালে চুমু খেয়ে বসেন বরুণ। ঘটনাটি ঘটে একটি সাময়িকীর ফটোশ্যুটের শ্যুটিংয়ে। এজন্য কিয়ারাও প্রস্তুত ছিলেন না। শুরুতে অস্বস্তিতে ভুগলেও পরে স্বাভাবিকভাবেই নিয়েছিলেন কিয়ারা। ভারতীয় সংবাদমাধ্যম সূত্রে জানা যায়, চুমুর বিষয়টা কিয়ারা সহজে নিলেও সিদ্ধার্থ সহজভাবে নিতে পারেননি। এ নিয়ে কিয়ারার সঙ্গে কথা-কাটাকাটিও হয়। তবে তাদের বিয়েতে এর কোনো প্রভাব পড়েনি। বিষয়টি তারা নিজেরা মীমাংসা করে নিয়েছেন। সবকিছু ভুলে এই দুজন আগামী ৬ ফেব্রুয়ারি বসছেন বিয়ের পিঁড়িতে। রাজস্থানের একটি প্যালেসে বসবে তাদের বিয়ের আসর। বরুণ আর সিদ্ধার্থ একই ছবি দিয়ে বলিউডে পা রাখেন। তারা সব সময় ভালো বন্ধু। প্রেমিকার সঙ্গে মিটমাট হলেও বরুণের সঙ্গে বন্ধুত্বের সম্পর্কে চিড় ধরেছে বলে অনেকে ধারণা করছেন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত